
জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ উৎপাদন কমে গিয়ে লোডশেডিং ছাড়িয়েছে ২৫০ মেগাওয়াট। এর পাশাপাশি পাঁচটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। এতে দিনের বড় অংশ বিদ্যুৎবিহীন কাটাতে হচ্ছে নগরবাসীকে, আর রাত বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তি বাড়ছে কয়েক গুণ।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) চট্টগ্রাম জোনের তথ্য অনুযায়ী, ১৫ এপ্রিল বেলা ১১টায় বিদ্যুতের চাহিদা ছিল ১ হাজার ৩৮৪ মেগাওয়াট, যা সন্ধ্যা ৭টায় বেড়ে দাঁড়ায় ১ হাজার ৪৩২ মেগাওয়াটে। বিপরীতে সরবরাহ ছিল বেলা ১১টায় ১ হাজার ৯৫ মেগাওয়াট এবং সন্ধ্যায় ১ হাজার ৪৭০ মেগাওয়াট। এ হিসাবে দিনে গড়ে লোডশেডিং দাঁড়িয়েছে প্রায় ২৮১ মেগাওয়াট।
জ্বালানি সংকটের কারণে চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে পাঁচটি কেন্দ্র বন্ধ রয়েছে। ফলে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কমে যাওয়া এবং জ্বালানি তেলের ঘাটতির কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
জ্বালানি সংকটে বন্ধ কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে, রাউজানের ২১০ মেগাওয়াট ক্ষমতার দুটি কেন্দ্র এবং জুডিয়াকের ৫৪ মেগাওয়াট কেন্দ্র।
এ ছাড়া পানিস্বল্পতায় কাপ্তাই জলবিদ্যুৎকেন্দ্রের একাধিক ইউনিট বন্ধ রয়েছে। অন্যদিকে সচল কেন্দ্রগুলো থেকেও সক্ষমতার তুলনায় কম উৎপাদন হচ্ছে, যা সংকট আরও বাড়িয়ে তুলছে।
নগরের বিভিন্ন এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দিনে চার-পাঁচ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একবার বিদ্যুৎ চলে গেলে তা ফিরতে সময় লাগছে দু-তিন ঘণ্টা। চকবাজার, বহদ্দারহাট, পাঁচলাইশ, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহরসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছে। ভ্যাপসা গরমে বিদ্যুৎ না থাকায় জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ।
লোডশেডিংয়ের প্রভাবে বাসাবাড়িতে পানির সংকটও দেখা দিয়েছে। ওয়াসার পানি সরবরাহে বিঘ্ন ঘটায় অনেক এলাকায় মানুষকে বাড়তি ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থদের জন্য পরিস্থিতি আরও কষ্টকর হয়ে উঠেছে।
চট্টগ্রাম কলেজ রোডের বাসিন্দা নুসরাত জাহান বলেন, ‘রাতে বাচ্চাদের ঘুম পাড়ানোই কষ্ট হয়ে যাচ্ছে। গরমে বারবার ঘুম ভেঙে যায়। বিদ্যুৎ গেলে দু-তিন ঘণ্টা থাকে না। এভাবে চললে বাসায় থাকা কঠিন হয়ে যাচ্ছে।’
চট্টগ্রাম নগরীর কোতোয়ালি এলাকার বাসিন্দা উম্মে হাবিবা বলেন, ‘দিনে অফিস, রাতে বাসায় এসেও শান্তি নেই। বিদ্যুৎ না থাকায় ঠিকমতো বিশ্রাম নিতে পারি না। পরদিন কাজের ওপরও প্রভাব পড়ছে।’
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়টিতে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বিদ্যুতের চাহিদা বাড়ে। চলমান জ্বালানি সংকট পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা এবং ভূরাজনৈতিক উত্তেজনার প্রভাবেও জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় সরকার ইতিমধ্যে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে কিছু পদক্ষেপ নিয়েছে। অফিস সময় কমানো এবং শপিং মল দ্রুত বন্ধ রাখার মতো উদ্যোগ নেওয়া হয়েছে।
চট্টগ্রাম পিডিবির সুপারভাইজরি কন্ট্রোল অ্যান্ড ডেটা অ্যাকুইজিশন বিভাগের নির্বাহী প্রকৌশলী ফাহমিদা জামান বলেন, জ্বালানি সংকটের কারণে গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ থাকায় লোডশেডিং বেড়েছে। গ্যাসের চাপ কমে যাওয়া এবং জ্বালানি তেলের ঘাটতির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে।
ফাহমিদা জামান আরও বলেন, সরবরাহ পরিস্থিতির ওপর নির্ভর করেই লোডশেডিংয়ের মাত্রা ওঠানামা করছে। বর্তমান পরিস্থিতি দ্রুত উন্নতির সম্ভাবনা কম বলেও ইঙ্গিত দেন তিনি।

‘গত এক মাসে আমি মাত্র দুবার ফুয়েল (জ্বালানি) নিতে পেরেছি। সেটাও আবার কয়েক ঘণ্টা লাইনে দাঁড়ানোর পর। ছেলেরা রাত ২টা-৩টার সময় গিয়েও লাইনে দাঁড়াতে পারে। মেয়েদের পক্ষে তো সেটা সম্ভব হয় না।’—বলছিলেন নারী বাইকার ফাহমিদা রশিদ মেঘলা।
২ ঘণ্টা আগে
দারিদ্র্য ও মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, বিনিয়োগ ও কর্মসংস্থানের স্থবিরতা—এই বহুমুখী চাপে দেশের অর্থনীতি এখন এক জটিল মোড়ে দাঁড়িয়ে। এমন বাস্তবতায় বর্তমান সরকারের সামনে একসঙ্গে ততোধিক কঠিন পরীক্ষার মুখোমুখি হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। উত্তরাধিকার সূত্রে পাওয়া উচ্চ মূল্যস্ফীতি ও দুর্বল ব্যাংক খাত যেমন...
২ ঘণ্টা আগে
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার উপকূলজুড়ে গড়ে উঠেছে এক মৌসুমি অর্থনীতির শক্তিশালী কেন্দ্র—শুঁটকিপল্লি। বছরের অধিকাংশ সময় নির্জন থাকা বেড়িবাঁধের বাইরের বিস্তীর্ণ চরাঞ্চল শুষ্ক মৌসুমে পরিণত হয় কর্মচঞ্চল শিল্পাঞ্চলে। জেলে, ব্যবসায়ী, শ্রমিক ও ক্ষুদ্র দোকানিদের অংশগ্রহণে ২৪ ঘণ্টা সচল থাকে এই অর্থনৈতিক...
২ ঘণ্টা আগে
ইরান যুদ্ধের প্রথম ৫০ দিনে বিশ্ববাজারে বিপুল পরিমাণ জ্বালানি তেলের উৎপাদন বন্ধ হয়ে গেছে, যার আর্থিক মূল্য প্রায় ৫০ বিলিয়ন (৫ হাজার কোটি) মার্কিন ডলার। কয়েকজন বিশেষজ্ঞ ও বার্তা সংস্থা রয়টার্সের বিশ্লেষণ বলছে, আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় এই জ্বালানি সংকটের ধাক্কা বিশ্ব অর্থনীতিকে আগামী কয়েক মাস এমনকি
৩ ঘণ্টা আগে