
সংশোধিত শ্রম আইনকে তিনটি ইস্যুতে ‘অযৌক্তিক’ এবং ‘শিল্পের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যহীন’ উল্লেখ করে একযোগে প্রত্যাখ্যান করেছে তৈরি পোশাক ও বস্ত্র খাতের মালিকদের তিন প্রধান সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএ।
তাদের অভিযোগ, টিসিসি ও ওয়ার্কিং কমিটির দীর্ঘ আলোচনায় যে সমঝোতা গড়ে উঠেছিল, সরকার সদ্য জারি করা বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এ সেটা মানেনি। বরং একতরফাভাবে এমন কিছু বিধান যুক্ত করেছে, যা শিল্পে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে। মালিকপক্ষের মতে, এসব পরিবর্তন শ্রমিক-মালিক উভয়ের স্বার্থকেই শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত করবে।
আজ মঙ্গলবার লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ জারি করার পরপরই টেক্সটাইল ও অ্যাপারেল খাতের তিন সংগঠনের মালিক-প্রতিনিধিরা রাজধানীর গুলশানে বিটিএমএ ভবনে জরুরি বৈঠকে বসেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেলসহ অনেকে। সভায় বস্ত্র খাতের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
বৈঠকের মূল অ্যাজেন্ডা ছিল স্পিনিং সেক্টরের চলমান সংকট; তবে আলোচনার বেশির ভাগ সময়জুড়ে প্রাধান্য পায় সদ্য জারি করা শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ। পর্যালোচনা ও আলোচনার পর তিন সংগঠনই সর্বসম্মতভাবে অধ্যাদেশটি প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেয়। পরে বিটিএমএ সেক্রেটারি জেনারেল ব্রিগে. জেনা. মো. জাকির হোসেন, এনডিসি, পিএসসি (অব.) স্বাক্ষরিত এক যৌথ আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে সিদ্ধান্তটি জানায়।
জানতে চাইলে বিজিএমইএ সভাপতি বলেন, ১২৭টি ধারার মধ্যে ১২৪টিতে ত্রিপক্ষীয় কমিটির বৈঠকে ঐকমত্য হয়েছিল। ‘আমাদের আপত্তি ছিল কেবল তিনটিতে। সরকার আশ্বাস দিয়েছিল এগুলো ঠিক করা হবে; কিন্তু শেষ পর্যন্ত নিজেদের মতো করে আইন পাস করেছে’—বলেন তিনি। তিনি আশা করেন, সরকার বিষয়গুলো নিয়ে আবার আলোচনায় বসবে।
বিকেএমইএ সভাপতি অভিযোগ করেন, বিদেশি পরামর্শে এমন কিছু প্রস্তাব যুক্ত হয়েছে, যা গার্মেন্টস খাতে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাঁর ভাষায়, ‘ত্রিপক্ষীয় কমিটির সিদ্ধান্তও মানা হয়নি। এতে শ্রমিকের স্বার্থও রক্ষা পাবে না।’ তিনি সংশোধনপ্রক্রিয়াকে খাতবিরোধী ‘চক্রান্ত’ উল্লেখ করে অধ্যাদেশটি প্রত্যাখ্যানের কথা জানান।
এর আগে গত ২৩ অক্টোবর সংশোধন নীতিগতভাবে অনুমোদনের পর মালিকপক্ষ সংবাদ সম্মেলন করে এই তিন বিষয়ে আপত্তি জানায় এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ না পাওয়ার অভিযোগ তোলে।
মালিকদের তিন আপত্তি
প্রথম আপত্তি ট্রেড ইউনিয়ন গঠনে শ্রমিকসংখ্যা পুনর্নির্ধারণ। ত্রিপক্ষীয় আলোচনায় ৫০-৫০০ শ্রমিকের কারখানায় ৫০ জনের সমর্থনে ইউনিয়ন গঠনের প্রস্তাব থাকলেও উপদেষ্টা পরিষদ সেটি পরিবর্তন করে ২০-৩০০ শ্রমিক নির্ধারণ করেছে। মালিকদের দাবি, মাত্র ২০ জন দিয়ে ইউনিয়ন হলে বহিরাগতদের প্রভাব বাড়বে, শিল্পে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি হবে এবং বিনিয়োগকারীরা নিরুৎসাহিত হবেন।
দ্বিতীয় আপত্তি ভবিষ্যৎ তহবিল ও সর্বজনীন পেনশন প্রগতি—উভয় স্কিমে শ্রমিকের একযোগে অংশ নেওয়ার সুযোগ। মালিকপক্ষের মতে, এতে দুটি পৃথক আর্থিক ব্যবস্থা সমান্তরালে পরিচালনা করতে হবে, যা প্রশাসনিক জটিলতা ও ব্যয় বাড়াবে।
তৃতীয় আপত্তি শ্রমিকের সংজ্ঞায় ‘কর্মচারী বা কর্মকর্তা’ যুক্ত করা। তাঁদের দাবি, এতে শ্রমিক ও প্রশাসনিক স্তরে বিভাজন অস্পষ্ট হবে, সিদ্ধান্ত গ্রহণে জটিলতা বাড়বে এবং প্রতিষ্ঠান পরিচালনায় সমস্যা দেখা দিতে পারে।

তীব্র গ্যাস সংকট, যান্ত্রিক ত্রুটি এবং কাঁচামাল সংকটে চট্টগ্রামের তিনটিসহ দেশের রাষ্ট্রায়ত্ত ছয়টি সার কারখানাই বন্ধ রয়েছে। শুধু একটি কারখানা উৎপাদনে রয়েছে। এতে সামনের আমন মৌসুমে সারের সরবরাহ নিয়ে কৃষকসহ সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে চরম উদ্বেগ। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সেখান থেকে সার...
১ ঘণ্টা আগে
বাজারে প্রতিযোগিতা নিশ্চিত করা, একচেটিয়া ব্যবসা ও যোগসাজশ ঠেকানো এবং প্রতিযোগিতাবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের (বিসিসি)। অথচ সেই কমিশনেরই গত দুই অর্থবছরের বার্ষিক প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করা হয়নি।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পরও ব্যাংক খাতে ঋণ ও আমানতের গড় সুদহারের ব্যবধান বা স্প্রেড কমেনি। বরং জুন শেষে ব্যাংক খাতের গড় স্প্রেড দাঁড়িয়েছে ৫ দশমিক ৭০ শতাংশে, যা কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ৪ শতাংশ সীমার চেয়ে ১ দশমিক ৭০ শতাংশীয় পয়েন্ট বেশি। কোনো কোনো বিদেশি ব্যাংকে এ ব্যবধান ৮ শতাংশের বেশি।
২ ঘণ্টা আগে
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীণ সড়ক পুনর্বাসন ও শক্তিশালীকরণ প্রকল্পে সবচেয়ে বেশি ৪ হাজার ৯৬৩ কোটি ৬৭ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে...
৭ ঘণ্টা আগে