
গ্যাসসংকট যেন ধুঁকতে থাকা শিল্প খাতের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীদের শীর্ষ নেতারা। তাঁরা বলছেন, গ্যাসসংকট এমন মাত্রায় পৌঁছেছে যে, উৎপাদন থেমে যাচ্ছে একের পর এক কারখানায়। ৫০ শতাংশ কারখানায় ইতিমধ্যে উৎপাদন বন্ধ হয়ে গেছে। বাকি কারখানাগুলোও আগামী দুই মাস টিকতে পারবে কি না, সন্দেহ। প্রায় সবার চলতি মূলধন সংকুচিত হয়ে আসছে। এমনকি সামনে ঈদের সময় শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করাও অনিশ্চিত হয়ে পড়েছে অনেক প্রতিষ্ঠানের জন্য।
গতকাল রোববার গুলশানের একটি ক্লাবে ‘শিল্প খাতে জ্বালানি, বিশেষ করে গ্যাস সংকটে টেক্সটাইল ও পোশাকশিল্পে উৎপাদন বিপর্যয়’ শীর্ষক যৌথ সংবাদ সম্মেলনে এসব উদ্বেগ প্রকাশ করা হয়।
দেশের ব্যবসায়ী–শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ পোশাক প্রস্তুতদকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ), বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রি (বিসিআই), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স বাংলাদেশ (আইসিসিবি), প্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল বলেন, ‘গ্যাস না থাকলে কারখানা চলবে না। উৎপাদন না হলে বেতন-ভাতা কীভাবে দেব? সরকার যদি বেতন না দেওয়ার অপরাধে গাড়ি-বাড়ি বিক্রির নির্দেশ দেয়, তাহলে গ্যাস না দেওয়ার জন্য দায়ী কর্মকর্তাদের শাস্তির কি ব্যবস্থা হবে না? শিল্প বাঁচাতে না পারলে সামনে দুর্ভিক্ষ আসবে।’
তিনি আরো বলেন, ‘১৯৭১ সালে খুঁজে খুঁজে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়েছে। ২০২৫ সালে শুধু শিল্প নয়, শিল্পোদ্যোক্তাদের মেরে ফেলা হচ্ছে—এটাকে আমরা ষড়যন্ত্র মনে করি।’
দেশের অন্যতম শীর্ষ শিল্পোদ্যোক্তা রাসেল বলেন, ‘বিডার বড় বড় গল্প শুনি, বিডা নাকি বিদেশি ইনভেস্টর নিয়ে আসবে। আরে ওগুলা তো সব জি-টু-জি। কই একটা শিল্পপতিকে নিয়ে আসেন না আমাদের সাথে একটু পার্টনারশিপে ব্যবসা করুক। গত আট মাসে ৮টা কেন একটাও তো আসেনি আমার জানামতে। আপনি বিদেশিদের দাওয়াত করতেছেন। আর আমাদের রেডিমেড ফ্যাক্টরি আছে। ওরা এলে তো কিছুদিন সময় লাগবে, রড-সিমেন্ট-বালু-জমি নিয়ে এগুলা ঢালাই-ঢুলাই দিয়ে আরো পাঁচ বছর লাগবে একটা ফ্যাক্টরি করতে। আমাদের রেডিমেড ফ্যাক্টরিতে পার্টনার হতে বলেন! না হবে না। তারা জানে যে, এখানে ফ্যাক্টরির অবস্থা ভালো না, ভায়াবল না।’
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের অনেক কারখানায় গত ১৪ এপ্রিল থেকে একেবারে গ্যাস নেই। কিছু এলাকায় যেটুকু আসছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। কারখানার প্রয়োজন যেখানে অন্তত ১০ পিএসআই চাপের গ্যাস, সেখানে মিলছে মাত্র ১-২ পিএসআই। ফলে কার্যত উৎপাদন বন্ধ হয়ে গেছে। কিন্তু মাস শেষে কর্মীদের বেতন ঠিকই দিতে হচ্ছে। একেকটি কারখানায় মাসে ১৫-২০ কোটি টাকার বেতন দিতে হয়, অথচ আয় নেই।
বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, ‘গ্যাস নেই, উৎপাদন নেই, অথচ তিন মাস সুদ না দিলেই খেলাপি ঘোষণার হুমকি দিচ্ছে ব্যাংক। একই সঙ্গে সরকার বলছে, বেতন না দিলে গাড়ি-বাড়ি বিক্রি করতে হবে। এ পরিস্থিতিতে শিল্প কীভাবে চলবে?’
ব্যবসায়ীরা অভিযোগ করেন, সরকার শিল্পের চেয়ে গৃহস্থালি ব্যবহারকে প্রাধান্য দিচ্ছে। তাঁরা বলেন, ‘সিলিন্ডারের দাম কমিয়ে গৃহস্থালিতে লাইন প্রতিস্থাপন বন্ধ করুন, ভোলার গ্যাস সরাসরি ঢাকায় না এনে সারকারখানা ভোলায় সরিয়ে নিন।’ একই সঙ্গে এলএনজি আমদানির সুদূরপ্রসারী পরিকল্পনার দাবি তোলেন তাঁরা।
তাঁদের প্রশ্ন, ‘সরকার কি চায়, টেক্সটাইল শিল্প পাটশিল্পের মতো হারিয়ে যাক? ৫০ শতাংশ কারখানায় ইতিমধ্যে উৎপাদন বন্ধ হয়ে গেছে। বাকি কারখানাগুলোও আগামী দুই মাস টিকতে পারবে কি না, সন্দেহ।’
বিটিএমইএর ভাইস প্রেসিডেন্ট সালেহ উজ্জামান বলেন, ‘শিল্প খাত ধ্বংসে যেন পরিকল্পিতভাবে একের পর এক মাস্টারপ্ল্যান নেওয়া হচ্ছে। একদিকে আপনারা সম্মেলন করে বিদেশি বিনিয়োগকারী আনছেন অথচ আমাদের কারখানাগুলো টিকিয়ে রাখার কোনো ব্যবস্থা নেই। তাহলে আমাদের ফ্যাক্টরিগুলোই তাঁদের দিয়ে দিন। অন্তত আমাদের জন্য সম্মানজনকভাবে ব্যবসা থেকে বেরিয়ে যাওয়ার একটি পথ তৈরি করুন। আমরা আর পারছি না। প্রতিদিন শ্রমিকদের চাপ আর গালি শুনে ব্যবসা করার কোনো মানে হয় না। ভবিষ্যতে যেন ব্যবসায়ীরা মর্যাদা রক্ষা করে বেরিয়ে যেতে পারেন, সেই ‘এক্সিট পলিসি’ তৈরি করা এখন জরুরি।’
বাংলাদেশ টেরিটোরিয়াল অ্যান্ড লাইন ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিটিটিএলএমইএ) চেয়ারম্যান হোসেইন মেহমুদ বলেন, ‘গত ১৪ এপ্রিল থেকে আমাদের কারখানায় গ্যাস সরবরাহ নেই। এ অবস্থায় আমরা শ্রমিকদের বেতন কীভাবে দেব? আমাদের যেন পিঠ দেয়ালে ঠেকে গেছে। এ সংকট নিরসনে গ্যাস খাতের দুর্নীতি বন্ধ করতে হবে এবং গ্যাস বিতরণে রেশনিং ব্যবস্থা চালু করা দরকার। একই সঙ্গে, দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করা জরুরি।
এ সংকট কাটাতে ব্যবসায়ীরা সরকারের কাছে তিন দফা দাবি তুলে ধরেছেন। তাঁরা বলছেন, অবিলম্বে শিল্প খাতে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিল্প ও ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদন খাতে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাব স্থগিত রাখার আহ্বান জানান তাঁরা। একই সঙ্গে গ্যাস সরবরাহ নিয়ে দীর্ঘমেয়াদি একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়ার তাগিদ দেন উদ্যোক্তারা।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিটিএমইএ পরিচালক ইঞ্জিনিয়ার রাজীব হায়দার, বিটিটিএলএমইএর সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন সোহেলসহ বিভিন্ন আয়োজক সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা রেশনিং পদ্ধতির আওতায় গ্যাস সরবরাহের দাবিও জানান। তাঁদের মতে, ‘যদি গ্যাস কম দিতে হয়, তাহলে অন্তত জানিয়ে দিন, কোন কোন সময় গ্যাস থাকবে না। সেই অনুযায়ী আমরা উৎপাদনের পরিকল্পনা নিতে পারি।’
শিল্পোদ্যোক্তারা বলছেন, গ্যাস না দিলে উৎপাদন হবে না, উৎপাদন না হলে রপ্তানি কমবে, রপ্তানি না হলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে চাপ বাড়বে—এটা বোঝার জন্য অর্থনীতিবিদ হওয়ার দরকার নেই। সরকারের নীতিনির্ধারকদের এখনই বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে হবে। না হলে দেশের প্রধান রপ্তানি খাত মুখ থুবড়ে পড়বে।
আরও খবর পড়ুন:

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশের আমদানিনির্ভর বাজারে স্পষ্ট প্রভাব দেখা দিতে শুরু করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে পণ্য পরিবহনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
৩ ঘণ্টা আগে
চলতি বছরের মার্চে দেশে প্রবাসী আয়ের প্রবাহ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। একক মাসের হিসাবে এ সময় রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। বিএডিসির সকল সেবা কৃষকদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গত ৩০ ও ৩১ মার্চ তিনি কাশিমপুর ও মধুপুরের বিভিন্ন কেন্দ্র
১৩ ঘণ্টা আগে
২০১৪ সাল থেকে দেশজুড়ে পরিচালিত বইপড়া কর্মসূচিতে বিকাশের দেওয়া বইগুলো প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে, যা থেকে ৩৪ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে। এ বছর যুক্ত হওয়া বইগুলো দেশের ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে, যার মধ্যে রয়েছে নতুন ৮০টি স্কুল।
১৩ ঘণ্টা আগে