চলতি বছরের মার্চে দেশে প্রবাসী আয়ের প্রবাহ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। একক মাসের হিসাবে এ সময় রেমিট্যান্স এসেছে ৩৭৫ কোটি ৫০ লাখ ৫ হাজার ডলার, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
মাত্র এক মাসের ব্যবধানে প্রবাহের এই উল্লম্ফন অর্থনীতিতে নতুন গতি সঞ্চারের ইঙ্গিত দিচ্ছে। ফেব্রুয়ারিতে যেখানে রেমিট্যান্স ছিল ৩০২ কোটি ডলার, সেখানে মার্চে তা বেড়েছে প্রায় ৭৩ কোটি ৫০ লাখ ডলার। আবার গত বছরের মার্চের তুলনায়ও প্রবাহ বেড়েছে প্রায় ৪৬ কোটি ডলার। এর আগে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল ২০২৫ সালের মার্চে, তখন প্রবাসীরা পাঠিয়েছিলেন ৩২৯ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ডলার। একই বছরের ডিসেম্বরে আসে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার, আর চলতি বছরের জানুয়ারিতে ৩১৭ কোটি ডলার।
রেমিট্যান্স প্রবাহে এই আকস্মিক উল্লম্ফনের পেছনে একাধিক কারণ কাজ করেছে। সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান যুদ্ধ পরিস্থিতি অনেক প্রবাসীকে তাদের জমানো অর্থ দ্রুত দেশে পাঠাতে উদ্বুদ্ধ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ঈদুল ফিতরকে কেন্দ্র করে স্বজনদের জন্য বাড়তি অর্থ পাঠানোর প্রবণতা।
ব্যাংকভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, মার্চে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৬৪ কোটি ডলারের বেশি রেমিট্যান্স। বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৪৭ লাখ ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাহ সবচেয়ে বেশি, ২৬৪ কোটি ডলার। বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে মাত্র ১ কোটি ২০ হাজার ডলার। তবে এই সময়ে সাতটি ব্যাংকের মাধ্যমে কোনো রেমিট্যান্স আসেনি, যার মধ্যে রয়েছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), আইসিবি ইসলামী ব্যাংক, পদ্মা ব্যাংক, ব্যাংক আলফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতি এখনো সামগ্রিকভাবে প্রবাসী শ্রমবাজারে বড় নেতিবাচক প্রভাব ফেলেনি। কিছু বিচ্ছিন্ন মৃত্যুর ঘটনা ছাড়া কর্মসংস্থান বা মজুরি কমে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশগুলোতে আয় অব্যাহত থাকায় জীবনযাত্রার ব্যয়ও বড় ধরনের চাপ সৃষ্টি করেনি। ফলে প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সক্ষমতা স্থিতিশীল রয়েছে। তবে তিনি সতর্ক করে বলেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে এর নেতিবাচক প্রভাব সামনে আসতে পারে।
জাহিদ হোসেন আরও বলেন, বর্তমানে মাসে প্রায় ৩০০ কোটি ডলার রেমিট্যান্স আসা একটি নতুন স্বাভাবিকতায় পরিণত হয়েছে। রমজান ও ঈদের সময়ে এটি সাময়িকভাবে বাড়লেও মার্চের রেকর্ডকে ভবিষ্যতের স্থায়ী প্রবণতা হিসেবে দেখা ঠিক হবে না।
শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ বলেন, মধ্যপ্রাচ্যে এখনো কর্মসংস্থান স্থিতিশীল থাকলেও যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী আগেভাগেই সঞ্চিত অর্থ দেশে পাঠিয়েছেন। এতে সাময়িকভাবে রেমিট্যান্স বেড়েছে। গত তিন মাসই প্রবাহ ভালো রয়েছে এবং তা কোরবানির ঈদ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, রেমিট্যান্স বাড়াতে কেন্দ্রীয় ব্যাংক দীর্ঘদিন ধরে নানা পদক্ষেপ নিয়েছে। সরকারের নীতিগত সহায়তা এবং প্রবাসীদের মধ্যে ইতিবাচক প্রচারণাও ভূমিকা রেখেছে। বিশেষ করে হুন্ডি কার্যক্রম নিয়ন্ত্রণে আসায় আনুষ্ঠানিক চ্যানেলে প্রবাহ বেড়েছে। তাঁর মতে, ঈদ এবং আন্তর্জাতিক অস্থিরতা—দুই মিলিয়েই মার্চে রেকর্ড সৃষ্টি হয়েছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় দেশের আমদানিনির্ভর বাজারে স্পষ্ট প্রভাব দেখা দিতে শুরু করেছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলা এবং হরমুজ প্রণালিতে উত্তেজনায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সমুদ্রপথে পণ্য পরিবহনে অনিশ্চয়তা সৃষ্টি করেছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) কার্যক্রমে স্বচ্ছতা, গতিশীলতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিয়মিত মাঠপর্যায়ের কার্যক্রম পরিদর্শন করছেন সংস্থাটির চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম। বিএডিসির সকল সেবা কৃষকদের কাছে যথাসময়ে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে গত ৩০ ও ৩১ মার্চ তিনি কাশিমপুর ও মধুপুরের বিভিন্ন কেন্দ্র
১২ ঘণ্টা আগে
২০১৪ সাল থেকে দেশজুড়ে পরিচালিত বইপড়া কর্মসূচিতে বিকাশের দেওয়া বইগুলো প্রায় ৩ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হয়েছে, যা থেকে ৩৪ লাখের বেশি পাঠক উপকৃত হয়েছে। এ বছর যুক্ত হওয়া বইগুলো দেশের ৩৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতরণ করা হবে, যার মধ্যে রয়েছে নতুন ৮০টি স্কুল।
১২ ঘণ্টা আগে
দেশের বড় শিল্প গ্রুপগুলোর সম্ভাব্য কর ফাঁকির বিষয়টি পুনরায় পর্যালোচনা শুরু করেছে সরকার। আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
১২ ঘণ্টা আগে