অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভাতা ও অন্যান্য নগদ অর্থ বিতরণের ক্ষেত্রে একচেটিয়া গ্রাহক সুবিধা হারাতে যাচ্ছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠান ‘নগদ’। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী জুনের পর থেকে উপকারভোগীকেই এমএফএস প্রতিষ্ঠান বা ব্যাংক নির্বাচন করতে হবে।
বর্তমানে এসব ভাতা ও উপবৃত্তির অর্থ দিতে এমএফএস কোম্পানির সঙ্গে চুক্তি করত সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরগুলো। উপকারভোগীরা ওই এমএফএস কোম্পানিতে হিসাব খুলে টাকা তুলতেন। এসব চুক্তি রয়েছে নগদের সঙ্গে। উপকারভোগীরা নগদে হিসাব খুলে এই অর্থ তোলেন। নগদের সঙ্গে শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ বিতরণের চুক্তি আগামী ৩০ জুন শেষ হচ্ছে। সূত্র বলেছে, শিক্ষা মন্ত্রণালয়কে এই চুক্তি নবায়ন না করতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় গত ১৫ এপ্রিল সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য কার্যক্রমের নগদ অর্থ জিটুপি পদ্ধতিতে বিতরণ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপসচিব (বাজেট-১) মো. রাজিবুল আহসানের স্বাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপকারভোগী নিজে এমএফএস প্রতিষ্ঠান বা ব্যাংক নির্বাচন করবেন। এ ক্ষেত্রে ক্যাশ আউট চার্জ ০.৬০ শতাংশ ধার্য হবে। এ হার অবিলম্বে কার্যকর হবে। নগদ অর্থ বিতরণে উপকারভোগীর ওপর কোনো চার্জ আরোপ করা যাবে না। তবে ইতিপূর্বে সম্পাদিত চুক্তির ক্ষেত্রে এ হার ১ জুলাই থেকে কার্যকর হবে।
জানা যায়, এত দিন শিক্ষার্থীদের উপবৃত্তি থেকে শুরু করে সামাজিক ভাতা, সব ধরনের ভাতার বড় অংশ দেওয়া হতো নগদের মাধ্যমে। বাংলাদেশ ডাক বিভাগের সঙ্গে ২০১৭ সালে ডিজিটাল আর্থিক সেবা প্রদানের চুক্তি করেছিল থার্ড ওয়েভ টেকনোলজিস। পরে এটিকেই ‘নগদ’ নামে রি-ব্র্যান্ড করা হয়। ২০১৯ সালে ডাক বিভাগের সঙ্গে একটি সমঝোতার ভিত্তিতে যাত্রা শুরু করে নগদ। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের কয়েক দিন পর বাংলাদেশ ব্যাংক নগদের নিয়ন্ত্রণ নেয় এবং প্রশাসক নিয়োগ দেয়। তখন নগদের গ্রাহকসংখ্যা ৯ কোটির বেশি ছিল, যার ৭০ শতাংশই ছিলেন সরকারি উপবৃত্তি ও ভাতার প্রাপক।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অর্থ মন্ত্রণালয়ের এই প্রজ্ঞাপনের ফলে সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও অন্যান্য নগদ অর্থ বিতরণে নগদের একচেটিয়া সুযোগ কমবে। উপকারভোগীরা নিজেদের পছন্দে এমএফএস প্রতিষ্ঠান বেছে নেওয়ার সুযোগ পাওয়ায় এখন অন্য এমএফএস কোম্পানিগুলোও গ্রাহক পাবে। অথচ কেন্দ্রীয় ব্যাংক নগদের দায়িত্ব নেওয়ার ফলে প্রতিষ্ঠানটিতে সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
জানতে চাইলে ২৩ মে নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন জাহিদুল ইসলাম সজল বলেন, ‘এ ধরনের প্রজ্ঞাপনের কথা আমরাও শুনেছি। তারপরও আশা করছি, বিপুলসংখ্যক গ্রাহক নগদের মাধ্যমেই সরকারি ভাতা গ্রহণ করবেন।’
খোঁজ নিয়ে জানা যায়, সর্বশেষ চুক্তির আওতায় ১ হাজার কোটি টাকা মূল্যের প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের একমাত্র বিতরণকারী প্রতিষ্ঠান নগদ। এই চুক্তির মেয়াদ শেষ হবে আগামী ৩০ জুন। এর বাইরে সরকারের অন্যান্য সামাজিক কর্মসূচির ভাতা দেওয়া হয় নগদের মাধ্যমে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র বলছে, ক্ষমতার পটপরিবর্তনের পর সরকারের পক্ষ থেকে নগদের সঙ্গে চুক্তি নবায়ন না করতে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে, যা আগামী ৩০ জুনের পর থেকে কার্যকর হবে। ৩০ জুনের পর এই চুক্তির কার্যকারিতা থাকছে না।
জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন ও অর্থ) নুজহাত ইয়াসমিন বলেন, নগদের সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ৩০ জুন পর্যন্ত। তাই এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।
আরও খবর পড়ুন:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের মধ্যেই বড়সড় ব্যবসায়িক চুক্তির খবর সামনে এল। গতকাল বৃহস্পতিবার ফক্স নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, চীন ২০০টি বোয়িং জেট উড়োজাহাজ কেনার বিষয়ে একমত হয়েছে। তবে সংখ্যাটি বিশ্লেষকদের প্রত্যাশার তুলনায় অনেক কম হওয়ায় শেয়ার...
৩ ঘণ্টা আগে
আজ শুক্রবার সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে।
৭ ঘণ্টা আগে
মূল্যস্ফীতিতে ভুগছে মানুষ। দেশের আর্থিক খাতের অবস্থা দুর্বল। মন্থর অবস্থায় বেসরকারি বিনিয়োগ। রাজস্ব আদায়ের পরিস্থিতিও সন্তোষজনক নয়। আছে বৈদেশিক মুদ্রার চাপ। এসবের মধ্যেও আছে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপ। এমন এক পরিস্থিতিতে নিজেদের প্রথম বাজেট দিতে যাচ্ছে নতুন সরকার।
১৬ ঘণ্টা আগে
সরকারি সড়ক উন্নয়নকাজের বিটুমিন সরবরাহে গ্রাহককে হয়রানির অভিযোগ ওঠার পর সরিয়ে দেওয়া হলো যমুনা অয়েল কোম্পানির শীর্ষ কর্মকর্তা মো. মাসুদুল ইসলামকে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জরুরি নির্দেশনায় যমুনা অয়েলের মহাব্যবস্থাপক (এইচআর) ও কোম্পানি সচিব (অতিরিক্ত দায়িত্ব)....
১ দিন আগে