
উঠানের ধুলোমাখা পথটা এখনো আগের মতোই আছে, শুধু মানুষগুলো বদলে গেছে। কেউ বার্ধক্যে নুয়ে পড়েছেন, কেউবা আর বেঁচে নেই। কিন্তু কিশোরী বয়সে হারিয়ে যাওয়া জাহানারা বেগমের হৃদয়ে গেঁথে ছিল সেই ভিটেমাটি আর ভাই-বোনদের মুখ। ৪০ বছর পর সেই চেনা উঠানে জাহানারা যখন পা রাখলেন, তখন সময় যেন আচমকা থমকে দাঁড়াল। সবাই যেখানে ধরে নিয়েছিলেন—জাহানারা হয়তো আর এই পৃথিবীতে বেঁচে নেই, সেখানে তাঁকে ফিরে পাওয়ার পুনর্মিলন যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।

ঘটনাটি ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের শাহাপাড়া গ্রামের। চার দশক আগে কিশোরী বয়সে নিখোঁজ হওয়া জাহানারা বেগম ৫৫ বছর বয়সে গতকাল রোববার (৩ মে) ফিরে এসেছেন তাঁর জন্মভিটায়। সঙ্গে তাঁর ৩০ বছর বয়সী ছেলে মানজিদার সিং। পরিবারের সঙ্গে চার দশকের বিচ্ছেদ ঘুচিয়ে এই পুনর্মিলন যেন কোনো সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়।
জাহানারা ছিলেন স্থানীয় মৃত তমিজ উদ্দিনের মেয়ে। পরিবারের ভাষ্যমতে, আশির দশকের মাঝামাঝি সময়ে কিশোরী জাহানারা হঠাৎ নিখোঁজ হন। স্বজনদের অভিযোগ, প্রতিবেশী এক আত্মীয়ের প্রলোভনে পড়ে কোথাও পাড়ি জমিয়েছিলেন তিনি। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস মেলেনি। একপর্যায়ে পরিবার ধরে নিয়েছিল, জাহানারা হয়তো আর এই পৃথিবীতে বেঁচে নেই।

কিন্তু নিয়তি তাঁকে নিয়ে গিয়েছিল সুদূর ভারতের পাঞ্জাবে। সেখানে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করে থিতু হন জাহানারা। বিয়ে করেন পাঞ্জাবের তাংতারা এলাকায়। বর্তমানে তিনি চার সন্তানের জননী। নাম-পরিচয় বদলে গেলেও হৃদয়ে গেঁথে ছিল বাংলাদেশের সেই সবুজ গ্রাম আর ভাই-বোনদের মুখ।
আজ সোমবার সকালে শাহাপাড়া গ্রামে জাহানারার আগমনের খবর ছড়িয়ে পড়লে তাঁকে একনজর দেখতে শত শত মানুষ ভিড় জমান। বাড়ির উঠানে পা রাখতেই কান্নায় ভেঙে পড়েন তিনি। দীর্ঘ ৪০ বছর পর ভাইদের বুকে জড়িয়ে ধরে তাঁর সেই আনন্দ অশ্রু ছুঁয়ে যায় উপস্থিত স্বজন ও প্রতিবেশীদের।
জাহানারার বড় ভাই আব্দুল কুদ্দুস বোনকে ফিরে পেয়ে বলেন, ‘আমাদের পাশের বাড়ির এক ভাতিজা ওকে (জাহানারা) কৌশলে নিয়ে গিয়ে বিক্রি করে দিয়েছিল। আমরা তখন দিশেহারা হয়ে পড়েছিলাম। হন্যে হয়ে খুঁজেছি। আজ এত বছর পর বোনকে ফিরে পেয়ে মনে হচ্ছে, মরা গাছে ফুল ফুটেছে। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন।’
আরেক ভাই মোজাম্মেল হক শৈশবের স্মৃতি রোমন্থন করে বলেন, ‘শৈশবের সেই চঞ্চল মুখটা সব সময় আমার চোখে ভাসত। ওকে দেখামাত্রই চিনে ফেলেছি। রক্ত কি চেনা যায় না? মনে হচ্ছে, হারানো কলিজাটা ফিরে পেলাম।’
জাহানারাকে কখনো দেখেননি—এমন অনেক তরুণ-তরুণীও তাঁকে একনজর দেখতে ভিড় করেছিলেন। তাঁর ভাতিজি লাবণী আক্তার বলেন, ‘দাদি আর আব্বুর মুখে ছোটবেলা থেকে ফুপুর গল্প শুনেছি। রূপকথার মতো লাগত সব। আজ যখন তাঁকে সরাসরি জড়িয়ে ধরলাম, তখন মনে হলো, আমাদের পরিবারের অপূর্ণতাটা আজ ঘুচল।’
স্থানীয় প্রবীণ হাশেম আলী বলেন, ৪০ বছর অনেক লম্বা সময়। এই দীর্ঘ সময়ে কত কিছু পাল্টে গেছে, কিন্তু রক্তের টান যে কতটা শক্তিশালী, আজ জাহানারাকে দেখে তা প্রমাণ হলো। পুরো গ্রাম আজ উৎসবে মেতেছে।
দীর্ঘ চার দশক পর ফিরে আসা যেমন আনন্দের, ‘বিদায়’ বলাটা তেমনই কষ্টের। জাহানারার ছেলে মানজিদার সিং ভাঙা ভাঙা ভাষায় জানান, মায়ের মুখে সব সময় এই গ্রামের গল্প শুনে বড় হয়েছেন তিনি। মায়ের শেষ ইচ্ছা পূরণ করতেই তিনি তাঁকে নিয়ে বাংলাদেশে এসেছেন।
তবে এই ফেরা স্থায়ী নয়। সোমবার বিকেল ৫টার দিকে জাহানারার আবার ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সেখান থেকে ফিরে যাবেন ভারতের পাঞ্জাবে, যেখানে তাঁর সাজানো সংসার ও অন্য সন্তানেরা অপেক্ষায় আছেন। বিদায়ের কথা উঠতেই আবার কান্নায় ভারী হয়ে ওঠে শাহাপাড়ার আকাশ।
চোখের পানি নিয়ে জাহানারা শুধু এটুকুই বললেন, ‘আমি ভাবিনি, কোনো দিন এই মাটিতে আবার ফিরে আসতে পারব, ভাইদের মুখ দেখে মরতে পারব। এটাই ছিল বড় চাওয়া। এখন মরেও শান্তি পাব।’
দীর্ঘ ৪০ বছরের দীর্ঘশ্বাস আর সীমান্তের কাঁটাতার পেরিয়ে জাহানারার এই ফেরা ছিল অনেকটা রূপকথার মতো। গতকাল যশোরের বেনাপোল স্থলবন্দরের ইমিগ্রেশন পার হয়ে তিনি পা রাখেন বাংলাদেশের মাটিতে।
জাহানারা জানান, মাত্র ১৪-১৫ বছর বয়সে পাচারকারীদের খপ্পরে পড়েছিলেন তিনি। পাচারের পর তাঁকে নিয়ে যাওয়া হয় ভারতের পাঞ্জাবে। সেখানে বৈরী পরিবেশে টিকে থাকতে ধর্ম পরিবর্তন করে শিখ ধর্ম গ্রহণ করেন এবং এক শিখ যুবককে বিয়ে করেন। ভারতে তাঁর নতুন নাম রাখা হয় ‘জ্ঞারমৃত্য’।
তবে নাম ও ধর্ম বদলে গেলেও জাহানারার হৃদয় থেকে মুছে যায়নি সবুজ শ্যামল ঠাকুরগাঁওয়ের নাম। এই সময়ে অনেক কিছু হারিয়ে গেলেও তাঁর স্মৃতিতে অমলিন ছিল ভাইদের চেহারা আর গ্রামের নাম।
জাহানারা জানান, পাঞ্জাবে দীর্ঘ সময় হিন্দি ও পাঞ্জাবিতে কথা বলতে বলতে এখন তাঁর মুখের ভাষা স্পষ্ট বাংলা আর হিন্দির মিশ্রণ। তিনি যখন ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান, তখন সেখানে এক অন্য রকম দৃশ্যের অবতরণ হয়। একজন বিদেশি পোশাক পরিহিত নারী আধো-আধো বাংলায় নিজের ভাইদের নাম আর শাহাপাড়া গ্রামের ঠিকানা খুঁজছেন—এমন দৃশ্য দেখে মুহূর্তেই সেখানে শত শত মানুষ জড়ো হন। তাঁর মুখে নিখুঁতভাবে ভাইদের নাম শুনে স্থানীয় কয়েকজন নিজ উদ্যোগেই তাঁকে তাঁর কাঙ্ক্ষিত গন্তব্য শাহাপাড়া গ্রামে পৌঁছে দেন।
নিজের ভিটায় পা রেখে জাহানারা বলেন, ‘আমি হিন্দি ভাষায় কথা বললেও মনে মনে সব সময় নিজের গ্রাম আর ভাইদের কথা ভাবতাম।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মো. মাসুদ আলম বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দালাল চক্র বহুদিন ধরে রোগীদের সঙ্গে বিভিন্নভাবে প্রতারণা করে আসছিল। নানা কৌশলে তাদের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে নিয়ে যেত তারা। রোগীদের টাকা-পয়সা হাতিয়ে নিত।
২০ মিনিট আগে
রাজধানীর ওয়ারী এলাকায় একটি প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডারের ভেতর থেকে দুই লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এই ইয়াবাগুলো কক্সবাজার থেকে আনা হয়েছিল। এ ঘটনায় দুর্জয় দত্ত (২২) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
১ ঘণ্টা আগে
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পারিবারিক কলহের জেরে আরজিনা খাতুন (২৪) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহত গৃহবধূর স্বামী মনির হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহের মুক্তাগাছায় অটোরিকশাকে ট্রাকচাপা দেওয়ায় নিহত বেড়ে চারজনে দাঁড়িয়েছে। নিহত ব্যক্তিরা হলো ময়মনসিংহ জেলা বারের সদস্য জ্যেষ্ঠ আইনজীবী চৌধুরী হোসনে আরা বেগম (৫৪), জামালপুর সদর উপজেলার রুহিলী গ্রামের খোরশেদ আলমের স্ত্রী ফারজানা আক্তার শিউলি (৩৮) ও তাঁর মেয়ে খুশনুর জান্নাত রিনতি...
১ ঘণ্টা আগে