জগন্নাথপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগ নেতা সাজ্জাদ খানকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জগন্নাথপুর বাজার থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সাজ্জাদ খান উপজেলার মিরপুর ইউনিয়নের রতিয়ারপাড়া গ্রামের মৃত মাসিম খানের ছেলে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় জড়িত সন্দেহে অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচিকে কেন্দ্র করে ২৮ জুন ১২ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ। জগন্নাথপুর থানায় করা ওই মামলায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।









