আওয়ামী লীগের সাবেক এমপি রনজিত সরকারের সভা, সুনামগঞ্জে তোলপাড়

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে দেশে প্রবেশ করে নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়।
এ সময় মঞ্চের সামনে শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। কোথায় সভা অনুষ্ঠিত হয়েছে বিষয়টি নিশ্চিত না হওয়া গেলেও রনজিত সরকারের এক ঘনিষ্ঠ কর্মী সিলেটের জাফলং এলাকায় গতকাল রোববার রাত ৮টার দিকে সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। এর বেশি কিছু বলতে রাজি হননি তিনি। এ নিয়ে সুনামগঞ্জে তোলপাড় সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, সামিয়ানা দিয়ে মঞ্চ তৈরি করে ব্যানার টানিয়ে সভাটি করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রনজিত সরকার।
৫ মিনিট ৩৩ সেকেন্ডের ওই ভিডিও রনজিত সরকার তাঁর ফেসবুক আইডি থেকে আজ বিকাল ৪টা ৪৯ মিনিটে আপলোড করেছেন। এ ভিডিওতে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায় তাঁকে।
এ ব্যাপারে রনজিত সরকারের বক্তব্য জানা সম্ভব হয়নি। তবে তিনি সুনামগঞ্জের স্থানীয় একটি দৈনিকে বলেন, ‘কোন তথ্য জানাতে পারবো না। সভা শেষে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ফিরেছি।’
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, সুনামগঞ্জের সীমান্ত এলাকা কঠোর নজরদারিতে আছে। জেলার কোন সীমান্তে এ ধরনের সভা হয়নি।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন গণমাধ্যমে বলেছেন, ‘সুনামগঞ্জের সীমান্ত এলাকা নিশ্চিদ্র নিরাপত্তায় আছে। ওখান দিয়ে রনজিত সরকার ঢুকার কোন সুযোগ নেই। সিলেট সীমান্তের কোন একটা জায়গায় জড়ো হয়ে তাঁরা এই সভা করেছে।’









