Ajker Patrika

সিরাজগঞ্জে কবর থেকে দুই লাশ উত্তোলন

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে কবর থেকে দুই লাশ উত্তোলন
কবর থেকে লাশ উত্তোলন । ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের তাড়াশে সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে মামলা করেছেন তাঁদের স্বজনেরা। মামলার পর আদালতের নির্দেশে কবর থেকে লাশ দুটি উত্তোলন করা হয়েছে।

আজ শনিবার দুপুরে উপজেলার সগুনা ইউনিয়নের হেমনগর গ্রামের পারিবারিক কবরস্থান থেকে লাশ দুটি তোলা হয়।

নিহত দুজন হলেন হেমনগর গ্রামের মরহুম আজিজ ফারুকীর ছেলে রোকনুজ্জামান রোকন ফারুকী এবং তাঁর প্রতিবেশী নাসির উদ্দিন নান্টু।

লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম, তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. সায়েমসহ পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ২৪ মার্চ জমিসংক্রান্ত একটি মামলায় হাজিরা দিতে আদালতে যাচ্ছিলেন রোকনুজ্জামান ও নাসির উদ্দিন। পথে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার হরিণচড়া বাজার এলাকায় একটি হাইএস গাড়ির চাপায় তাঁদের মৃত্যু হয়। এ ঘটনায় তখন সড়ক দুর্ঘটনা উল্লেখ করে হাটিকুমরুল হাইওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছিল।

তবে নিহত ব্যক্তিদের পরিবারের দাবি, জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাঁদের হত্যা করা হয়েছে। এ অভিযোগে চলতি বছরের ১০ সেপ্টেম্বর আদালতে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা করেন নিহত রোকনুজ্জামানের ছোট ভাই ফেরদৌস মামুন ওরফে শাওন ফারুকী।

মামলার প্রধান আসামি মোনায়েম হোসেন জেমস (৩৫)। অন্য আসামিরা হলেন তাঁর বাবা আব্দুল ওয়াহাব (৫২), ছোট ভাই জাকির হোসেন (২৭) এবং দুই সহযোগী রাসেল সরকার (২২) ও শাকিল হোসেন (২২)।

আদালত মামলাটি গ্রহণ করে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এজাহার হিসেবে গণ্য করার নির্দেশ দেন। একই সঙ্গে লাশ দুটি উত্তোলন করে ময়নাতদন্তের আদেশ দেন।

বাদী শাওন ফারুকীর অভিযোগ, তাঁর চাচা আব্দুল ওয়াহাব ও চাচাতো ভাই জেমস পরিকল্পিতভাবে গাড়িচাপা দিয়ে তাঁর ভাই ও প্রতিবেশী ভাতিজাকে হত্যা করেছেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন বলেন, আদালতের নির্দেশে লাশ দুটি উত্তোলন করা হয়েছে। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে ময়নাতদন্তের জন্য সেগুলো সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত