লাঠিসোঁটা নিয়ে স্থানীয়দের বাধা, আওয়ামী লীগ নেতাকে আটক না করেই ফিরে গেল পুলিশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। পরে মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ।
গতকাল শুক্রবার বিকেল পৌনে ৪টার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
হালিমুল হক মিরু সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। তাঁর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মিরুকে গ্রেপ্তারের জন্য থানা-পুলিশের একটি দল তাঁর বাড়িতে যায়। এ সময় তিনি বাড়িতেই ছিলেন। পরে পুলিশ আসার খবর ছড়িয়ে পড়লে গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে গ্রেপ্তারে বাধা দেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে। একপর্যায়ে মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, এলাকায় মিরুর জনপ্রিয়তা রয়েছে। ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করে নৌকার প্রার্থীর কাছে পরাজিত হন তিনি। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কোনো সহিংস বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে এসেছে—এ খবর ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমেছিলেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, আমরা মিরুকে গ্রেপ্তার করতে গিয়েছিলাম। কিন্তু তাঁকে পাইনি। পুলিশের যাওয়ার খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁকে খবর দেন। এরপর তিনি পালিয়ে যান। পুলিশকে বাধা দিতে গ্রামের কিছু লোক জড়ো হয়েছিলেন। তাঁরা সামনে নারীদের রেখেছিলেন। মিরুর বিরুদ্ধে থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে।
মিরুকে গ্রেপ্তারের পর ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, পুলিশের যাওয়ার খবর পেয়েই তিনি পালিয়ে গেছেন। তাঁকে গ্রেপ্তার করতে পারলে যেভাবেই হোক থানায় নিয়ে আসা হতো। তাঁকে গ্রেপ্তার করে ছেড়ে দেওয়ার ধারণাটি সঠিক নয়।
অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান বলেন, পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গিয়েছিল। তবে সেখানে তাঁকে পাওয়া যায়নি। কিছু লোক জড়ো হয়েছিলেন। বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং পুলিশের সঙ্গে কোনো ঝামেলাও হয়নি।









