সাবেক পৌর মেয়র মিরুকে গ্রেপ্তারে গ্রামবাসীর বাধা, গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জের শাহজাদপুরে সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মিরুকে গ্রেপ্তার করতে গিয়ে বাধার মুখে পড়েছে পুলিশ। এ সময় গ্রামবাসীর বাধার কারণে তাঁকে গ্রেপ্তার না করেই ফিরে যায় পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনার পর বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নলুয়া মধ্যপাড়া গ্রামের মো. রকিব (৪০) ও সোহেল রানা (২৮), নারায়ণদহ গ্রামের সাইফুল ইসলাম (৩৮) এবং নলুয়া দক্ষিণপাড়া গ্রামের জেলহাস প্রাং ওরফে আতিক (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমুল হক মিরুর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন-সংশ্লিষ্ট একটি মামলা রয়েছে। গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করতে পৌর শহরের নলুয়া গ্রামে তাঁর বাসভবনে অভিযান চালায় পুলিশ। তখন গ্রামের কয়েক শ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে জড়ো হয়ে মিরুকে গ্রেপ্তারে বাধা দেন। একপর্যায়ে মিরুকে গ্রেপ্তার না করেই ঘটনাস্থল ত্যাগ করে পুলিশ।










