Ajker Patrika

প্রজননকেন্দ্র থেকে হাঁস সরানোর চেষ্টা, সিরাজগঞ্জে ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২৬, ১৯: ৪৮
প্রজননকেন্দ্র থেকে হাঁস সরানোর চেষ্টা, সিরাজগঞ্জে ২ কর্মকর্তা সাময়িক বরখাস্ত
মিনি ট্রাকে করে গত বৃহস্পতিবার রাতে হাঁস নিয়ে যাওয়া হচ্ছিল। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের বেলকুচিতে সরকারি হাঁস প্রজননকেন্দ্র থেকে রাতের আঁধারে হাঁস সরিয়ে নেওয়ার চেষ্টার অভিযোগে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর। বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন কেন্দ্রটির সিনিয়র সহকারী পরিচালক মোছা. সায়লা শারমীন ও পোলট্রি ডেভেলপমেন্ট অফিসার মোছা. শাকিলা পারভীন।

আজ শনিবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মো. শাহজাহান খান স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁদের সাময়িক বরখাস্তের কথা জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, দুই কর্মকর্তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগে সরকারি চাকরি আইন, ২০১৮ এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই অংশ হিসেবে তাঁদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন সময়ে তাঁরা বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হক অফিস আদেশের বরাত দিয়ে দুই কর্মকর্তার সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে বেলকুচির আঞ্চলিক সরকারি হাঁস প্রজননকেন্দ্র থেকে একটি মিনি ট্রাকে করে হাঁস নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। এলাকাবাসীর দাবি, ট্রাকে প্রায় ১ হাজার ২০০টি হাঁস ছিল। তবে তদন্তে সরকারি খামারের ১৯৪টি হাঁস সরিয়ে নেওয়ার চেষ্টার প্রমাণ পাওয়া যায়।

পরে জব্দ করা হাঁস সরকারি নির্ধারিত দামে বিক্রি করে পাওয়া অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন পাঠানোর দায়িত্ব দেওয়া হয় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হককে। তিনি গতকাল শুক্রবার দিনভর তদন্ত শেষে সন্ধ্যায় মহাপরিচালকের দপ্তরে প্রতিবেদন পাঠান।

এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা হাঁস বিক্রির ঘটনায় ভুলবশত চালান না দেওয়ার কথা বললেও খামারের কর্মচারীরা চালান ছাড়াই হাঁস বিক্রির অভিযোগ করেছেন। তাঁদের দাবি, এর আগেও রাতের আঁধারে একইভাবে কয়েক দফা হাঁস বিক্রির ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত