Ajker Patrika

সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা: স্ত্রী ও এক ব্যক্তির যাবজ্জীবন

সিরাজগঞ্জ প্রতিনিধি  
সিরাজগঞ্জে যুবদল নেতা সুজন হত্যা: স্ত্রী ও এক ব্যক্তির যাবজ্জীবন
নিহত সেলিম রেজা সুজন, দণ্ডপ্রাপ্ত মনিরুল ফকির। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা সুজন হত্যা মামলায় তাঁর স্ত্রী উম্মে জামিলা তিথি ও মনিরুল ফকিরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক লায়লা শারমিন এ রায় দেন।

একই মামলায় অভিযুক্ত মো. পিয়াস হোসেন ও রাশিদুল ইসলাম রাশেদকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) শামসুজ্জোহা শাহানশাহ রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মনিরুল ফকির আদালতে উপস্থিত ছিলেন। অন্য দণ্ডপ্রাপ্ত উম্মে জামিলা তিথি পলাতক রয়েছেন।

নিহত সেলিম রেজা সুজনের স্ত্রী উম্মে জামিলা তিথি পাবনার আটুয়া হাউজ পাড়া গ্রামের গোলাম রহমানের মেয়ে। দণ্ডপ্রাপ্ত মনিরুল ফকির শাহজাদপুর উপজেলার মাঘলা গ্রামের বিল্লাল ফকিরের ছেলে।

মামলার নথি অনুযায়ী, ২০১৫ সালের ২ জুন বিয়ে বহির্ভূত সম্পর্কের জেরে নিজ ঘরে ঘুমের ওষুধ খাইয়ে সেলিম রেজা সুজনকে গলা কেটে হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর তাঁর স্ত্রী উম্মে জামিলা তিথি পালিয়ে যান। পরে নিহতের মা মাজেদা খাতুন সদর থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও প্রমাণ পর্যালোচনার পর আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর আদালত চত্বরে নিহত সুজনের পরিবারের সদস্য, স্বজন ও বন্ধুসহ শতাধিক নারী-পুরুষ বিক্ষোভ করেন। তাঁরা রায়ের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

নিহতের মা মাজেদা বেগম বলেন, ‘আমার ছেলেকে যারা নির্মমভাবে হত্যা করেছে, তাঁদের সবাই শাস্তি পায়নি। এই রায় আমি মানি না। আমরা উচ্চ আদালতে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত