Ajker Patrika

সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ২০: ৪২
সিরাজগঞ্জে আওয়ামী লীগের কার্যালয় ও সাবেক এমপির বাড়িতে আগুন
সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কার্যালয় ও দলটির সাবেক সংসদ সদস্য (এমপি) হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। আজ বুধবার বিকেলে জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়। একই দিন সন্ধ্যায় কামারখন্দ-সদর (সিরাজগঞ্জ-২) আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানান, আজ বিকেলে জেলা শহরে আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি হাতুড়ি দিয়ে কার্যালয়টির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে বলে জানান তাঁরা। পরে সন্ধ্যার দিকে সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও আগুন দেওয়া হয়। এ দুটি ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি।

আজ বিকেলে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের শহীদুল বুলবুল কারিগরি কলেজ প্রাঙ্গণ থেকে শোডাউনটি শুরু হয়। এতে বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন। মোটরসাইকেলের বহরটি হাটিকুমরুল গোলচত্বর হয়ে সিরাজগঞ্জ শহর প্রদক্ষিণ করে। পরে মুলিবাড়ী চেকপোস্ট ও সদানন্দপুর হয়ে আবার কামারখন্দে ফিরে শোডাউনটি শেষ হয়।

আগুন দেওয়ার ঘটনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

এ বিষয়ে সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মর্জিনা বলেন, ‘ওসি স্যারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এখনো বাইরে রয়েছেন। কেউ হতাহত হয়েছেন কি না কিংবা অন্য কোনো ঘটনার তথ্য আমাদের কাছে নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত