Ajker Patrika

সোনার গয়নার জন্য মাকে হত্যা করে বস্তাবন্দী, ছেলেসহ গ্রেপ্তার ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১৫: ৪৫
সোনার গয়নার জন্য মাকে হত্যা করে বস্তাবন্দী, ছেলেসহ গ্রেপ্তার ৩
উল্লাপাড়া মডেল থানা। ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বর্ণালংকারের লোভে মতিফুল বেগম (৫০) নামের এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের ছেলে আশরাফ আলী (২০), তাঁর এক সহযোগী ও এক স্বর্ণকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে ওই নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।

গ্রেপ্তার অন্য দুজন হলেন—একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) ও স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের গলায় থাকা স্বর্ণালংকারের লোভে তাঁকে হত্যার পরিকল্পনা করেন আশরাফ আলী। পরিকল্পনা অনুযায়ী, সহযোগী আব্দুর রাহিমকে সঙ্গে নিয়ে মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে ও তাঁর এক সহযোগীর পাশাপাশি একজন স্বর্ণকারকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

এসআই আরও বলেন, রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত