Ajker Patrika

ফজরের পর হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
ফজরের পর হাঁটতে বেরিয়ে ট্রাকচাপায় নিহত ২
আজ মঙ্গলবার সকাল সাতটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

ফজরের নামাজ আদায় করে প্রতিদিনের মতো সকালে হাঁটতে বের হয়েছিলেন কৃষক ঠান্ডু মিয়া (৬০) ও দলিল লেখক আব্দুল আলীম শেখ (৪০)। তবে ঘন কুয়াশার মধ্যে মহাসড়কে পাথরবোঝাই ট্রাকের চাপায় প্রাণ হারিয়েছেন তাঁরা দুজনই। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাতটার দিকে সিরাজগঞ্জের হাটিকুমরুল মহাসড়কের ধোপাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঠান্ডু মিয়া হাটিকুমরুল ইউনিয়নের ধোপাকান্দি এলাকার মৃত রহিম উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন। অপর নিহত আব্দুল আলীম শেখ (৪০) একই উপজেলার দাদনপুর গ্রামের ফাইজুল ইসলাম শেখের ছেলে। তিনি সলঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে ফজরের নামাজ আদায় শেষে মহাসড়ক দিয়ে হাঁটছিলেন ঠান্ডু মিয়া ও আব্দুল আলীম। সকাল সাতটার দিকে হাটিকুমরুল হাইওয়ে ইন্টারচেঞ্জের আগে ধোপাকান্দি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুব রহমান বলেন, ঘন কুয়াশার মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত