
শরীয়তপুরের ভেদরগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে এক বীর মুক্তিযোদ্ধার হাত ভেঙে দেওয়ার পর এবার তাঁর বাড়ি ভাঙচুর ও লুট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আজ বুধবার সকালে ভেদরগঞ্জ উপজেলার সখীপুর থানার চরভাগা মধ্য ঢালীকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেদরগঞ্জ উপজেলার চরবাঘা এলাকার বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা আবদুর রশিদ শিকদারের সঙ্গে প্রতিবেশী মৃত হযরত আলী শিকদারের ছেলে জব্বার শিকদার, আকবর শিকদার ও খালেক শিকদারের জমি নিয়ে বিরোধ রয়েছে। ঈদ উপলক্ষে রশিদ শিকদারের ছেলেরা বাড়িতে এলে গত রোববার বিকেলে তাঁদের ফসলি জমি মাপজোখ করতে যান। সেখানে জব্বার শিকদার তাঁদের বাধা দেন। এ ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে ঈদের দিন সকালে জব্বার, আকবর শিকদার ও খালেক শিকদার লোকজন নিয়ে বীর মুক্তিযোদ্ধা রশিদ শিকদারের ওপর হামলা করেন। এ সময় তাঁকে রক্ষা করতে গিয়ে হামলার শিকার হন তাঁর ছেলে চিকিৎসক আলমগীর হোসেন। পরে মুক্তিযোদ্ধা রশিদ শিকদার ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার বাদী হয়ে জব্বার শিকদার, আকবর শিকদার, খালেক শিকদারসহ ১০ জনকে আসামি করে সখীপুর থানায় মামলা করেন।
এদিকে মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার ও তাঁর ছেলে আলমগীর হোসেনকে শরীয়তপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদারের পরিবারের সদস্যরা তাঁর চিকিৎসার জন্য ঢাকায় থাকায় এবং তাঁর বাড়িতে কোনো লোকজন না থাকার সুযোগে আজ সকালে আসামিরা ফাঁকা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে। পরে খবর পেয়ে সখীপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার বলেন, ‘জব্বার শিকদার, আকবর শিকদার ও খালেক শিকদাররা দাবি করে, আমি নাকি তাদের জমি ভোগ দখল করি। এ জন্য তারা আমার জমির ফসল নষ্ট করে দেয়। এর পরিপ্রেক্ষিতে আমি থানায় অভিযোগ করি। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের দুই পক্ষকে নিয়ে থানায় বসা হয়। থানায় পুলিশের উপস্থিতিতে সিদ্ধান্ত হয়, আমাদের জমিজমাসংক্রান্ত বিষয়টি ঈদের পরে সমাধান করা হবে। পাশাপাশি থানা থেকে পরামর্শ প্রদান করা হয়, আমরা যেন আমাদের জমিগুলো নিজেরা আলাদাভাবে মেপে রাখি। এ জন্য আমি লোকজন নিয়ে জমি মাপতে গেলে জব্বার শিকদার বাধা দেয় এবং কাঁচি দিয়ে জমি মাপার ফিতাটা কেটে ফেলে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে পরদিন সোমবার, অর্থাৎ ঈদের দিন ভোরে আমি ফজরের নামাজ পড়ে বাড়ি আসার পথে জব্বার শিকদার ও তাদের লোকজন আমার ওপর অতর্কিত হামলা করে হাত ভেঙে দেয়। আমার সন্তানেরা আমাকে বাঁচাতে এগিয়ে এলে তাদেরও আহত করা হয়। এ ঘটনায় আমি থানায় মামলা করেছি। আমি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছি। পরিবারের সবাই আমার সঙ্গে আছে। বাড়িঘর খালি রেখে আমরা সবাই ঢাকায় চলে আসি। আজকে (বুধবার) সকালে আমাদের প্রতিবেশীরা জানায়, জব্বার শিকদারের লোকেরা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করেছে। আমি এর সুষ্ঠু বিচার দাবি করছি।’
অভিযোগ অস্বীকার করে জব্বার শিকদার মোবাইল ফোনে বলেন, ‘মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ শিকদার প্রভাব খাটিয়ে আমাদের জমি ভোগদখল করে আসছে। আমরা আমাদের সেই জমি ফিরে পেতে চাই। আমি বা আমার কোনো লোকজন তাঁদের ওপর হামলা করেনি। এ ছাড়া তাঁর বাড়িতে কেউ ভাঙচুর বা লুটপাট করেনি। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’
এ ব্যাপারে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক বলেন, ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে চরভাগায় আব্দুর রশিদ শিকদার নামে এক মুক্তিযোদ্ধার ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। ইতিমধ্যে একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার সকালে আবার ওই মুক্তিযোদ্ধার বাড়িতে ভাঙচুর ও লুটপাটের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তানের ফুটপাত ফের হকারদের দখলে। সাম্প্রতিক উচ্ছেদ অভিযানে কিছুটা স্বস্তি মিললেও ফের ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসিয়েছেন হকারেরা। গতকাল মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, মো. আব্দুর রশিদ নামের এক হকার ফুটপাতে পোশাক বিক্রি করছেন।
২ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। জেলার প্রায় ২০ লাখ মানুষের স্বাস্থ্যসেবার প্রধান ভরসা এ হাসপাতালটি নানা সংকটে যেন নিজেই ‘অসুখে’ ধুঁকছে। এক দশকের বেশি সময় ধরে চিকিৎসক, জনবল ও চিকিৎসা সরঞ্জামের সংকটে হাসপাতালটির স্বাস্থ্যসেবা তলানিতে পৌঁছে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার...
২ ঘণ্টা আগে
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদর থেকে আদমপুর বাজার সড়কের প্রস্থ ১৮ ফুট থাকলেও একই সড়কের ওপর নির্মিত সেতু ও কালভার্টের প্রস্থ মাত্র ১০ ফুট। সড়কের তুলনায় সেতু ও কালভার্টের প্রস্থ কম হওয়ায় যানবাহন চলাচলের সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। স্থানীয়দের দাবি, সড়ক যখন বড় করা হয়েছে তখন পুরোনো সেতুগুলো...
২ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীনগর বালুমহাল ইজারা নিয়ে শুরু থেকেই উঠেছে নানা প্রশ্ন। প্রথম দফায় ১১ কোটি ৬০ লাখ টাকার দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয় দফায় একই প্রতিষ্ঠানের দর নেমে আসে মাত্র ৩ কোটি ২০ লাখে, যা নিয়ে সৃষ্টি হয় তীব্র বিতর্ক। পরে তৃতীয় দফায় সংশোধিত দরপত্র আহ্বানের মধ্যেও স্বচ্ছতা...
২ ঘণ্টা আগে