Ajker Patrika

ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ

• তালা উপজেলার ভাগবাহ এলাকায় ২০-২৫টি বসতবাড়ি নদীতে বিলীন

• আশাশুনির কুড়িকাউনিয়া, শ্যামনগরের বন্যতলাসহ অন্তত ১০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ

• জিও ব্যাগে মিলছে না স্থায়ী সমাধান, স্থায়ী সমাধানের লক্ষ্যে সিসি ব্লকের দাবি

আবুল কাসেম, সাতক্ষীরা
ভাঙন-আতঙ্কে নদীপারের মানুষ
কপোতাক্ষ নদের ভাঙন। সম্প্রতি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া এলাকায়। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার নদীপারের মানুষের কাছে বেড়িবাঁধ ভাঙনের আতঙ্ক এখন নিত্যদিনের; বিশেষ করে পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে বাড়ে উদ্বেগ। কপোতাক্ষ নদের তালা উপজেলার ভাগবাহ এলাকায় একের পর এক বসতবাড়ি নদীতে বিলীন হচ্ছে। অন্যদিকে আশাশুনির কুড়িকাউনিয়া ও শ্যামনগরের খোলপেটুয়া নদীর বন্যতলা এলাকায় বেড়িবাঁধ রয়েছে ভাঙনের ঝুঁকিতে। জিও ব্যাগ ফেলেও ঠেকানো যাচ্ছে না ভাঙন।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, জেলায় ২৭টি নদ-নদী রয়েছে। এগুলোর মধ্যে কপোতাক্ষ, খোলপেটুয়া, ইছামতী, কালিন্দী, বেতনা ও মরিচ্চাপ উল্লেখযোগ্য। এসব নদ-নদীর তীরে মোট ৮০২ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। যার মধ্যে কুড়িকাউনিয়া, বন্যতলাসহ অন্তত ১০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ।

সরেজমিনে দেখা যায়, কপোতাক্ষ নদের তালা উপজেলার ভাগবাহ এলাকায় এরই মধ্যে ২০-২৫টি বসতবাড়ি নদীতে বিলীন হয়েছে। এখন শেষ বসতঘরগুলোও হারানোর আতঙ্কে দিন কাটাচ্ছে বাসিন্দারা। স্থানীয় বাসিন্দা ষাটোর্ধ্ব আতিয়ার রহমান বলেন, ‘এখানে একসময় ১২-১৩টি পরিবারের বসতি ছিল। এখন আছে মাত্র ৪-৫টি পরিবার। নদীভাঙনের যে অবস্থা, তাতে আমাদেরও এখানে থাকা হবে না। পেছাতে পেছাতে আর জায়গা নেই। ২০-২৫টি বাড়ি নদীতে বিলীন হয়েছে। আমাদের বাঁচাতে হলে নদীর পাড়ে সিসি ব্লক দিতে হবে।’

আশাশুনি উপজেলার কুড়িকাউনিয়া ও খোলপেটুয়া নদীর বন্যতলা এলাকার বেড়িবাঁধের অবস্থাও নাজুক। ভাঙন ঠেকাতে লাখ লাখ টাকা ব্যয়ে জিও ব্যাগ ফেলা হলেও তা কাজে আসছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাঁদের দাবি, বালুর বস্তার বদলে টেকসই সিসি ব্লক দিয়ে বাঁধ রক্ষা করতে হবে।

কুড়িকাউনিয়া গ্রামের আবু সালেহ বলেন, ‘জিও ব্যাগে কোনো লাভ হবে না। জোয়ারের পানিতে বস্তা ধুয়ে যায়, ঝড়েও সেগুলো টেকে না। পূর্ণিমা ও অমাবস্যার জোয়ারে সব সময় আতঙ্কে থাকতে হয়, কখন বাঁধ ভেঙে যায়।’ তিনি বলেন, জোয়ারের তোড়ে জিও ব্যাগ ফেটে বালু বেরিয়ে যাচ্ছে। এতে বাঁধের পাশের রাস্তা ধসে পড়ছে। বস্তা ফেলার এক মাসের মধ্যে অনেক জায়গায় তা ধসে যায়। তাই সিসি ব্লকের বিকল্প নেই।

খোলপেটুয়া নদীর বন্যতলা ও বিছট এলাকায় ভাঙন নিয়মিত ঘটনা। জোয়ারে ভাঙতে ভাঙতে বাঁধের অবস্থান প্রায় ২৫০ মিটার ভেতরে সরে এসেছে। নতুন করে ভাঙনের ফলে শত শত হেক্টর জমির ফসল ও মাছের ঘের ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঁধ ভাঙলে পাউবো তড়িঘড়ি করে বালুভর্তি জিও ব্যাগ ফেলে। এতে সাময়িকভাবে ভাঙন ঠেকানো গেলেও কিছুদিন পর আবারও বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শ্যামনগরের বন্যতলা এলাকার বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, ‘এখানে বস্তা ফেলে কাজ হবে না, ব্লক দিতে হবে। নদীর পাড় থেকে ২০ ফুট দূরে ব্লক দিলে আমরা বাঁচতে পারব।’

ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাযকিয়া। তিনি আজকের পত্রিকাকে বলেন, আশাশুনি ও শ্যামনগর এলাকাটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ। ঝড়-জলোচ্ছ্বাসের পাশাপাশি জোয়ারের পানির তোড়েও এখানে বাঁধ ভেঙে জানমালের ক্ষয়ক্ষতি হয়; বিশেষ করে ৭/১ ও ৭/২ পোল্ডার বেশি ঝুঁকিপূর্ণ। তিনি বলেন, পাউবোর প্রচেষ্টায় এখন পর্যন্ত এসব এলাকায় বাঁধ ভেঙে বড় ধরনের ক্ষয়ক্ষতি ঠেকানো সম্ভব হয়েছে, তবে এটি স্থায়ী সমাধান নয়। সিসি ব্লক ও স্লোপ প্রটেকশনের মাধ্যমে স্থায়ী সমাধান সম্ভব। এ বিষয়ে সরকারও আন্তরিক। বিশ্বব্যাংক এ প্রকল্পে এগিয়ে এসেছে। এরই মধ্যে সম্ভাব্যতা সমীক্ষা পাঠানো হয়েছে। বিশ্বব্যাংকের বিকল্প হিসেবে সমীক্ষাটি বোর্ডেও পাঠানো হবে। যাচাই-বাছাই শেষে এ বিষয়ে সরকারি সিদ্ধান্ত আসবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত