কালীগঞ্জে সেপটিক ট্যাংকে অচেতন রাজমিস্ত্রিকে বাঁচাতে গিয়ে স্কুলছাত্রেরও মৃত্যু, হাসপাতালে ১

সাতক্ষীরার কালীগঞ্জে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে এক রাজমিস্ত্রি ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তাঁদের উদ্ধার করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়েছেন আরও একজন। আজ মঙ্গলবার বেলা ২টার দিকে উপজেলার তারালী ইউনিয়নের বরেয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বরেয়া গ্রামের সনাতন সরকারের ছেলে মহানন্দ সরকার (৩৫) ও একই গ্রামের মনিরুজ্জামান পাড়ের ছেলে আরাফাত হোসেন (১৬)। আরাফাত বরেয়া মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় অসুস্থ হয়েছেন একই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে গোলাম হোসেন (৩০)।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এনামুল হক জানান, আজ দুপুরে বরেয়া গ্রামের আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ছাদের সেন্টারিং খুলতে ভেতরে নামেন রাজমিস্ত্রি মহানন্দ সরকার। কয়েক দিন আগে নির্মিত ট্যাংকটির ভেতরে অক্সিজেনের স্বল্পতা ও বিষাক্ত গ্যাসের কারণে তিনি অচেতন হয়ে পড়েন।
তাঁকে উদ্ধারের জন্য ট্যাংকের ভেতরে নামেন গোলাম হোসেন ও স্কুলছাত্র আরাফাত হোসেন। একপর্যায়ে বিষাক্ত গ্যাসের প্রভাবে মহানন্দ ও আরাফাতের মৃত্যু হয়। গুরুতর অসুস্থ অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাস ও অক্সিজেনের স্বল্পতায় দুজনের মৃত্যু হয়েছে।









