সাতক্ষীরায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী ও সতীনের ভাইয়ের মৃত্যুদণ্ড

সাতক্ষীরা শহরের ইটাগাছা এলাকায় স্ত্রী নাছিমা খাতুনকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার দায়ে স্বামী শওকত আলী ও তাঁর দ্বিতীয় স্ত্রীর (নাছিমা খাতুনের সতিন) ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকেলে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত শওকত আলী সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি গ্রামের বাসিন্দা। অপর আসামি শফিকুল ইসলাম সাতক্ষীরা পৌরসভার কুখরালী এলাকার বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে একই উপজেলার মাধবকাটি গ্রামের শওকত আলীর বিয়ে হয়। তাঁদের সংসারে দুটি সন্তান জন্ম নেয়। একপর্যায়ে দুই লাখ টাকা যৌতুকের দাবিতে শওকত আলী স্ত্রীকে নির্যাতন করতে থাকেন।
এর মধ্যে শওকত আলী কুখরালী কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চরমে ওঠে। পরে নাছিমা খাতুন সন্তানদের নিয়ে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে বসবাস শুরু করেন। একপর্যায়ে শওকত আলী প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণপোষণ বন্ধ করে দেন।
এ ঘটনায় নাছিমা খাতুন সাতক্ষীরা পৌরসভায় শওকত আলী ও তাঁর দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে ২০১২ সালের ২৮ আগস্ট রাত ৮টার দিকে শওকত আলী, তাঁর দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও মা ছবিরন খাতুন ইটাগাছার ওই ভাড়া বাড়িতে গিয়ে নাছিমা খাতুনকে মারধর করেন। একপর্যায়ে তাঁর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
নাছিমার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২০১২ সালের ১ সেপ্টেম্বর তাঁর মৃত্যু হয়। মৃত্যুর আগে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দেন নাছিমা খাতুন।
নাছিমা খাতুন অগ্নিদগ্ধ হওয়ার পরদিন ২৯ আগস্ট তাঁর মা রাবেয়া খাতুন শওকত আলীসহ চারজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।
মামলায় সাতজনের সাক্ষ্য ও অন্যান্য প্রমাণ পর্যালোচনা করে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন। একই মামলায় শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তাঁর মা ছবিরন খাতুনকে খালাস দেওয়া হয়েছে।
সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টো বলেন, রাষ্ট্রপক্ষ এ রায়ে সন্তুষ্ট।









