পীরগঞ্জে নকল সার-কীটনাশক তৈরির কারখানা সিলগালা হলেও গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্ত

গত ৯ অক্টোবর পৃথক অভিযানে নকল সার, কীটনাশক ও ছত্রাকনাশক তৈরির কারখানা এবং গুদামের সন্ধান পায় রংপুরের পীরগঞ্জ ও গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা প্রশাসন। অভিযানকালে বিপুল পরিমাণ নকল সার তৈরির কাঁচামাল, রাসায়নিক উপকরণ, বিভিন্ন কোম্পানির প্যাকেট ও উৎপাদন সরঞ্জাম জব্দ করা হয়েছিল। পাশাপাশি সিলগালা করা হয়েছিল সংশ্লিষ্ট কারখানা ও গুদাম। তবে ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও মামলার প্রধান অভিযুক্ত মাইদুল ইসলাম বাবুকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, পীরগঞ্জ উপজেলার কালসারডারা বাজারসংলগ্ন এলাকায় এবং গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আলীনগর বাদুরপুরে পরিত্যক্ত একটি ইটভাটা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অনুমোদনহীনভাবে নকল সার, কীটনাশক ও ছত্রাকনাশক তৈরি এবং বাজারজাত করা হচ্ছিল। এসব কর্মকাণ্ডের সঙ্গে পীরগঞ্জ উপজেলার আব্দুল্লাপুর গ্রামের মোকলেছুর রহমানের ছেলে মাইদুল ইসলাম বাবু জড়িত বলে অভিযোগ রয়েছে।
গত ৯ অক্টোবর সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ভবানীপুর গ্রামে কালসারডারা বাজারসংলগ্ন ফারুকের পরিত্যক্ত ইটভাটায় অভিযান চালায় সাদুল্লাপুর উপজেলা প্রশাসন, পুলিশ ও ধাপেরহাট পুলিশ ফাঁড়ির সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বিপুল পরিমাণ রাসায়নিক পদার্থ, নকল সার, বালাইনাশক, ছত্রাকনাশক, রং, ইটের গুঁড়া, কাঠের গুঁড়া, বিভিন্ন কোম্পানির খালি প্যাকেট, যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ জব্দ করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটকও করা হয়।
অভিযানে ম্যানকোজেব, কার্বেনডাজিম ও কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশক, গ্লাইফোসেট বা প্যারাকুয়াট গ্রুপের আগাছানাশক এবং ক্লোরপাইরিফস, ইমিডাক্লোপ্রিড ও সাইপারমেথ্রিন গ্রুপের বালাইনাশকের প্যাকেট পাওয়া যায়। প্যাকেটের গায়ে ‘ফেমাস এগ্রো লিমিটেড’ নাম লেখা ছিল। তবে এসব পণ্য অনুমোদিত প্রতিষ্ঠানের নামে বাজারজাত করা হচ্ছিল কি না, তা নিয়ে তদন্তের প্রয়োজন।
অন্যদিকে, মাইদুল ইসলাম বাবুর বিরুদ্ধে পীরগঞ্জ উপজেলার কালসারডারা বাজারসংলগ্ন একটি চাতালে গো-খাদ্যে ভেজাল মেশানোর অভিযোগও রয়েছে। অভিযোগ অনুযায়ী, গমের ভুসির সঙ্গে ধানের তুষ ও কাঠের গুঁড়া মিশিয়ে বসুন্ধরা ও মণ্ডলসহ বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের বস্তায় ভরে বাজারজাত করা হচ্ছিল।
পরে অভিযোগের ভিত্তিতে গত ১০ অক্টোবর পীরগঞ্জ উপজেলা প্রশাসন ওই চাতালে অভিযান পরিচালনা করে। এ সময় কাঠের গুঁড়া, ইটের গুঁড়া, রাসায়নিক উপকরণ, চক পাউডার, রং, মোটা বালু, ফসফেট, পটাশ, ফুরাডানসদৃশ সার, খালি প্যাকেট, পণ্য তৈরির যন্ত্রপাতি, দেশীয় ধারালো অস্ত্র, বই ও বিভিন্ন লোগোসহ বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল বাকিউল বারী জানান, জব্দ করা পণ্য ও উপকরণের প্রকৃত অবস্থা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হতে হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।
ওই দিন (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে পীরগঞ্জ থানা–পুলিশ ও কৃষি বিভাগের কর্মকর্তারা কালসারডারা বাজারসংলগ্ন মাইদুল ইসলাম বাবুর গোডাউনেও অভিযান চালায়। অভিযানকালে নকল সার তৈরির ১ হাজার ১২৬ বস্তা উপকরণ উদ্ধার করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা ও থানা–পুলিশের উপস্থিতিতে গোডাউনটি সিলগালা করা হয়। এ ঘটনায় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শাহজাহান আলী বাদী হয়ে ১১ অক্টোবর মাইদুল ইসলাম বাবু ও অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
তবে মামলা দায়েরের দেড় মাস পেরিয়ে গেলেও প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একটি প্রভাবশালী মহল অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলেও এলাকায় অভিযোগ ও গুঞ্জন ছড়িয়ে পড়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।
নকল সার, কীটনাশক ও ভেজাল গো-খাদ্য উৎপাদন ও বাজারজাতের মতো গুরুতর অভিযোগের পরও প্রধান অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।










