Ajker Patrika

পীরগঞ্জে কাটা আমন ধানে আকভানের হানা, ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক

মিফতাহুল ইসলাম, পীরগঞ্জ (রংপুর)
আপডেট : ২১ নভেম্বর ২০২৬, ২০: ১৭
পীরগঞ্জে কাটা আমন ধানে আকভানের হানা, ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায় ভিজে গেছে কৃষকের কেটে রাখা ধান। ছবি: আজকের পত্রিকা

রংপুরের পীরগঞ্জে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপাকে পড়েছেন আমন ধান কাটা কৃষকেরা। মাঠ থেকে ধান কেটে জমিতে শুকাতে দেওয়ার পর শুক্রবার সন্ধ্যা থেকে শুরু হওয়া হালকা বৃষ্টিতে ভিজে গেছে অনেক কৃষকের ধান। এতে ধান শুকানো, মাড়াই ও ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। বৃষ্টি অব্যাহত থাকলে ধানের গুণগত মান নষ্ট হওয়া ও আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

স্থানীয় কৃষকেরা জানান, অগ্রহায়ণ মাসে আমন ধান কাটার মৌসুমে পীরগঞ্জের বিভিন্ন এলাকায় পুরোদমে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। অনেক কৃষক জমি থেকে ধান কেটে খোলা জায়গায় শুকাতে দিয়েছেন। কেউ কেউ ধান কেটে জমিতেই স্তূপ করে রেখেছেন। এরই মধ্যে হালকা বৃষ্টি শুরু হওয়ায় কাটা ধান ভিজে গেছে। ফলে ধান শুকানো ও নিরাপদে ঘরে তোলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

উপজেলার ধুলগাড়ী গ্রামের কৃষক মোস্তাফিজার রহমান বলেন, ‘এবার দুই একর জমিতে আমন ধান আবাদ করেছি। ধান পেকে যাওয়ায় কয়েক দিন আগে কেটে জমিতে রেখেছি। ভেবেছিলাম রোদে শুকিয়ে মাড়াই করে ঘরে তুলে নেব। কিন্তু শুক্রবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হওয়ায় ধান ভিজে গেছে। এখন ধান কীভাবে তুলব, সেটাই বুঝতে পারছি না। জমিতে পড়ে থাকা ধান আবার রোদে শুকাতে হবে। বৃষ্টি যদি আরও কয়েক দিন চলে, তাহলে ধান শুকানো ও মাড়াই করা কঠিন হয়ে যাবে। এত কষ্ট করে ফসল ফলিয়েছি, এখন ঘরে তোলার সময় এসে এমন বিপদে পড়েছি।’

কুমার গাড়ী গ্রামের কৃষক ফজলুর রহমান বলেন, ‘অগ্রহায়ণ মাসে প্রতি বছরই আমরা আমন ধান কেটে ঘরে তোলার প্রস্তুতি নিই। এবারও ধান পেকে যাওয়ায় কেটে শুকানোর জন্য রেখেছিলাম। কিন্তু ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টি হওয়ায় ধান ভিজে গেছে। ধান শুকানোর জন্য রোদ দরকার। এখন বৃষ্টি হলে ধান শুকানো যাচ্ছে না। আবার ভেজা ধান মাড়াই করাও সম্ভব হচ্ছে না। ধান নিয়ে আমরা খুব বিপদে আছি। সময়মতো ধান ঘরে তুলতে না পারলে খরচ বাড়বে, সেই সঙ্গে ফসলের ক্ষতির আশঙ্কাও রয়েছে।’

রংপুর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, রোববার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে আমন ধান কাটার মৌসুমে কৃষকদের দুর্ভোগ আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলায় মোট ৩২ হাজার ৮০০ হেক্টর চাষাবাদ করা জমি রয়েছে। চলতি মৌসুমে ২৫ হাজার ৫৯৫ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করেছেন কৃষক।

পীরগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা সুমন আহমেদ বলেন, ঘূর্ণিঝড় আকভানের তেমন কোনো প্রভাব আমাদের উপজেলায় নেই। তবে শুক্রবার সন্ধ্যা থেকে হালকা বৃষ্টি হচ্ছে। এ সময় অনেক কৃষক আমন ধান কেটে জমিতে রেখেছেন। বৃষ্টির কারণে কাটা ধান ভিজে গেলে তা নিয়ে কৃষকদের কিছুটা সমস্যা হতে পারে। ধান শুকানোর জন্য রোদ প্রয়োজন। তাই বৃষ্টি থেমে গেলে কৃষকদের দ্রুত ধান রোদে শুকিয়ে নিরাপদে ঘরে তোলার পরামর্শ দেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত