
দেশে বর্তমানে পর্যাপ্ত ইউরিয়া সারের মজুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ড. মাহমুদুর রহমান। তিনি বলেছেন, আগামী নভেম্বর পর্যন্ত দেশের চাহিদার ইউরিয়া সার গুদামে থাকা মজুত থেকেই পূরণ করা সম্ভব।

সরকারি হিসাবে মজুত যথেষ্ট। শুধু হিসাবের খাতায় নয়, গুদামেও পর্যাপ্ত সার আছে। কৃষকের সারপ্রাপ্তি নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। তবু বাস্তবে অনেক জায়গায় কৃষকেরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না। কোথাও তো বিক্ষোভ ছাড়াও রীতিমতো লুটের মতো তুলকালাম চলেছে।

দিনাজপুরের খানসামায় অনুমোদিত সীমার অতিরিক্ত সার মজুত রাখার অভিযোগে এক বিএডিসি সার ডিলারের বিরুদ্ধে নিয়মিত মামলা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর গুদাম থেকে ৯২০ বস্তা সার জব্দ করা হয়েছে।

কুড়িগ্রামের রৌমারীতে ডিলার পয়েন্টে সার বিতরণে দেরি হওয়ায় বিক্ষুদ্ধ কৃষকেরা গুদামের বেড়া ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। আজ সোমবার সকালে উপজেলার সদর ইউনিয়নের রৌমারী মহিলা কলেজপাড়া এলাকায় মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজ নামের ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে।