
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হওয়ায় ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৯৮ হাজার ভোটের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট।
আসন্ন উপনির্বাচনের জন্য বিএনপির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। বিপরীতে দেলাওয়ার হোসেনই আবার মাঠে থাকার প্রস্তুতি নিচ্ছেন বলে জামায়াত সূত্রে জানা গেছে।
দলীয় সূত্রে জানা গেছে, উপনির্বাচনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী দেলাওয়ার হোসেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি। বিএনপির সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রয়েছেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি ও মির্জা ফখরুলের ছোট ভাই মির্জা ফয়সল আমিন। যদিও দলীয়ভাবে তাঁর মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। এ ছাড়াও ঠাকুরগাঁও জেলা বিএনপির দুই সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ ও সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। তবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ে অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি চিকিৎসাবিজ্ঞানী শামারুহ মির্জাও এই আসনে প্রার্থী হতে পারেন বলে গুঞ্জন রয়েছে।
জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী মোবাইল ফোনে বলেন, ‘উপনির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন, সে সিদ্ধান্ত নেবে দলের হাইকমান্ড। দলের মধ্যে এ নিয়ে কোনো বিভাজন নেই এবং কেন্দ্র যাঁকে মনোনয়ন দেবে, নেতা-কর্মীরা তাঁর পক্ষেই কাজ করবেন। জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনের প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’
এ বিষয়ে কথা বলার জন্য ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিনকে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুল দীর্ঘদিন ধরে এই আসনের পরিচিত রাজনৈতিক মুখ। তাই তাঁর দলীয় পরিচয়ের পাশাপাশি ব্যক্তিগত গ্রহণযোগ্যতাও ভোটে প্রভাব ফেলেছে কি না, তা এবার বোঝা যাবে। বিএনপির নতুন প্রার্থীকে সেই ভোটের বড় অংশ ধরে রাখার সক্ষমতা দেখাতে হবে। এখানেই প্রার্থী বাছাই গুরুত্বপূর্ণ।
অন্যদিকে দেলাওয়ার হোসেনের সুবিধা হলো, তাঁকে নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। গত নির্বাচনে তিনি ১ লাখ ৪১ হাজারের বেশি ভোট পেয়েছেন। এবার তাঁর লক্ষ্য সেই ভোট ধরে রেখে বিএনপির নতুন প্রার্থীর দুর্বলতা কাজে লাগানো। উপনির্বাচনে ভোটার উপস্থিতি কমলে সংগঠন ও মাঠের কর্মীদের সক্রিয়তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সুশাসনের জন্য নাগরিক (সুজন) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি মো. আব্দুল লতিফ আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপির জেলা সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিন প্রার্থী হবেন। সেখানে সাংগঠনিক শক্তি বিএনপির আগে যা ছিল, এখনো তা-ই আছে; ভালো আছে এবং দল ক্ষমতায় আছে। তা ছাড়া বিভিন্ন উন্নয়নের যে ঘোষণা মির্জা ফখরুল দিয়েছেন বা দিয়েছিলেন, সেটা বাস্তবায়ন করার জন্যও বিএনপির প্রার্থীকে দরকার; তাঁর ছোট ভাইকেই দরকার—এটা তো মানুষ চিন্তায় রাখবে। তবে ভোট কিছু কমতে পারে। কারণ, মির্জা ফখরুলের ইমেজ আর মির্জা ফয়সলের ইমেজ এক নয়।’
আব্দুল লতিফ আরও বলেন, ‘সেখানে জামায়াতের যে প্রার্থী আছেন দেলাওয়ার হোসেন, তাঁর ভোটও কম নয়। তবে জামায়াত তো এখন ক্ষমতায় নেই। কাজেই জেতার সম্ভাবনা বেশি মির্জা ফয়সল আমিনেরই। বলা যায় না, এখানে জামায়াতের সাংগঠনিক তৎপরতা অন্যরকম। তারাও এটাতে ছাড় দেবে না। স্বতন্ত্র প্রার্থী দু-একজন থাকতেও পারেন, সেটি গণনার মধ্যে নয়।’
জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান বলেন, ‘মাঠে আমাদের সাংগঠনিক কাজ চলছে। কেন্দ্র জানালে আমরা জানাতে পারব। তবে প্রার্থী বিকল্প হবেন না। প্রার্থী দেলাওয়ার হোসেন হবেন। আমরা মানসিকভাবে প্রস্তুত। এখন কেন্দ্র জানালে আমরা নেমে পড়ব। কেন্দ্র না জানালে তো নির্বাচন করার সুযোগ নেই।’

সন্ধ্যায় বাজার থেকে আবদুল খালেক ও মোজাহার মোল্লা একসঙ্গে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে আগে থেকে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত তাঁদের গতিরোধ করে দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলা চালায়। দুর্বৃত্তরা তাঁদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এ সময় তাঁদের ডাকচিৎকারে স্থানীয়...
১ সেকেন্ড আগে
কুমিল্লার দেবিদ্বারে যাত্রীবাহী বাসের ধাক্কায় সড়কে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ফয়সাল (২০) নামে এক যুবকের। এ দুর্ঘটনায় আরেকজন গুরুতর আহত হয়েছেন।
৩ মিনিট আগে
চট্টগ্রামের কোতোয়ালিতে স্বামী হেলাল উদ্দিনকে হত্যার মামলায় হোসনে আরা বেগমকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
৮ মিনিট আগে
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৬টি ভারতীয় চোরাই গরু জব্দ করেছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি দল। আজ সোমবার বিকেলে উপজেলার উত্তর পলাশতলা মোড় এলাকা থেকে এসব গরু জব্দ করা হয়।
১১ মিনিট আগে