Ajker Patrika

সেনাসদস্যের বাসায় অটোচালকের গলাকাটা লাশ, মাদক বিরোধে হত্যার সন্দেহ

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ২১: ১৫
সেনাসদস্যের বাসায় অটোচালকের গলাকাটা লাশ, মাদক বিরোধে হত্যার সন্দেহ
নিহত আরিফুল ইসলাম। ছবি: সংগৃহীত

রংপুর নগরের একটি বাসা থেকে আরিফুল ইসলাম (২৫) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে নগরের ভগীবালাপাড়া এলাকায় এক সেনাসদস্যের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, মাদকসংক্রান্ত বিরোধের জেরে আরিফুলকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এ ঘটনায় দুজনকে আসামি করে হত্যা মামলা করেছেন নিহতের বাবা লিটন মিয়া। তাঁদের মধ্যে ভগীবালাপাড়া এলাকার রাসেল মিয়া (২৯) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরজন সেনাসদস্য শাহিন হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

নিহত আরিফুল রংপুর নগরের ভগীবালাপাড়া এলাকার বাসিন্দা। আর সেনাসদস্য শাহিনের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সরদার হাট এলাকায়। তিনি রংপুর সেনানিবাসে কর্মরত।

নিহত আরিফুলের বাবা জানান, শাহিন পরিবার নিয়ে থাকতেন। ১৫ দিন আগে পরিবারের অন্য সদস্যরা গ্রামে গেছেন বলে জেনেছেন। একই এলাকায় থাকায় তাঁর ছেলের সঙ্গে ওই সেনাসদস্যের পরিচয় ছিল, কথাবার্তা হতো।

আরিফুলের বাবা জানান, গত সোমবার থেকে আরিফুল নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁরা। এরপর পুলিশ তদন্ত শুরু করে। গত বুধবার রাত ১১টার দিকে তাঁরা সেনাসদস্য শাহিনের ভাড়া বাসায় আরিফুলকে পাওয়া যেতে পারে বলে সন্দেহ করেন।

লিটন মিয়া বলেন, আরিফুলের মুঠোফোনের সর্বশেষ অবস্থান শনাক্ত করে পুলিশ ওই বাসার অবস্থান জানতে পারে। পরে স্বজনেরা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে যান। পুলিশ বাসার একটি স্টোররুমে পলিথিনে মোড়ানো অবস্থায় মরদেহটি পায়।

রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, আরিফুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় দুজনকে আসামি করে হত্যা মামলা হয়েছে। ভগীবালাপাড়া এলাকার রাসেল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি সেনাসদস্য শাহিন সেনা হেফাজতে রয়েছেন।

আরিফুলকে প্রথমে ভারী কোনো বস্তু দিয়ে মাথায় আঘাত এবং পরে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা পুলিশের। মাদকসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে মনে করছে পুলিশ।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ বলেন, অনলাইন ক্যাসিনো ও জুয়ায় জড়িত থাকা এবং মাদকাসক্তির বিষয়ও তদন্তে সামনে এসেছে। এসব নিয়ে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি কিংবা স্বার্থগত বিরোধ থেকে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হত্যার কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত