কোরআন তিলাওয়াত মুমিনের অন্যতম প্রিয় ইবাদত। দিনের শুরুতে, কাজের ফাঁকে কিংবা ঘুমানোর আগে অনেকে কোরআন পড়তে চান। কিন্তু সব সময় তো অজু করে থাকা সম্ভব হয় না। তখন মনে প্রশ্ন জাগে, অজু না থাকলে কি কোরআন তিলাওয়াত করা যাবে? মুখস্থ পড়ার ক্ষেত্রে কি একই বিধান, নাকি কোরআন শরিফ হাতে নিয়ে পড়তে হলে অজু থাকা জরুরি? এ বিষয়ে ইসলামের বিধান জানা থাকলে দৈনন্দিন জীবনে সহজেই পবিত্রতা ও তিলাওয়াতের আদব রক্ষা করা যায়।
মুখস্থ কোরআন তিলাওয়াতের জন্য কি অজু জরুরি?
শরীর ও কাপড় পবিত্র থাকলে এবং গোসল ফরজ হওয়ার মতো অপবিত্রতা না থাকলে অজু ছাড়াও মুখস্থ কোরআন তিলাওয়াত করা যায়। এ ক্ষেত্রে অজু না থাকার কারণে তিলাওয়াতে কোনো বাধা নেই। কেউ বসে, শুয়ে, দাঁড়িয়ে, গাড়িতে কিংবা কাজের ফাঁকে ফাঁকেও মুখস্থ আয়াত পড়তে পারেন। তবে অজু অবস্থায় কোরআন তিলাওয়াত করা উত্তম ও অধিক আদবের বিষয়।
কোরআন শরিফ স্পর্শ করে পড়তে অজু লাগবে কি?
পবিত্র কোরআন হাতে নিয়ে বা পৃষ্ঠা উল্টিয়ে তিলাওয়াত করতে চাইলে অজু থাকা জরুরি। অধিকাংশ ইসলামি ফকিহের মতে, অজু ছাড়া সরাসরি কোরআন শরিফ স্পর্শ করা জায়েজ নয়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর একটি নির্দেশনা বর্ণিত হয়েছে, ‘পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না।’ (মুয়াত্তা মালিক: ৪৬৮)
তবে মোবাইল বা ডিজিটাল ডিভাইসে কোরআন পড়ার বিধান ভিন্ন। এতে অজু ছাড়াও কোরআন তিলাওয়াত করা যায়।
গোসল ফরজ হলে কোরআন তিলাওয়াতের বিধান
এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অজু না থাকা আর গোসল ফরজ হওয়া এক বিষয় নয়। কারও ওপর গোসল ফরজ হলে অধিকাংশ আলেমের মতে, গোসল না করা পর্যন্ত মুখস্থ কোরআন তিলাওয়াত থেকেও বিরত থাকতে হবে। তাই এ অবস্থায় আগে ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে।
সুতরাং অজু না থাকলেও শরীর পবিত্র থাকলে মুখস্থ কোরআন তিলাওয়াত করা যায়। তবে কোরআন শরিফ স্পর্শ করে পড়তে অজু করতে হবে। আর গোসল ফরজ হলে আগে গোসল করে নিতে হবে।










