Ajker Patrika

রংপুরে চার খুন: চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় হত্যা

রংপুর প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১৪: ৫৫
রংপুরে চার খুন: চুরির জন্য ছাদে অপেক্ষা, দেখে ফেলায় হত্যা
আজ বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। ছবি: আজকের পত্রিকা

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল চুরির পরিকল্পনা। বাড়িতে টাকা ও স্বর্ণালংকার থাকার তথ্য পেয়ে চুরির উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন দুই আসামি। ছাদে অপেক্ষা করার সময় গণপতি চক্রবর্তী তাঁদের দেখে ফেলায় প্রথমে তাঁকে হত্যা করা হয়। পরে পরিবারের অন্য তিন সদস্যকেও হত্যা করেন তাঁরা। তদন্ত শেষে আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে এমন তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় রংপুর মহানগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ। এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামি হলেন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস।

পুলিশ কমিশনার বলেন, দুই আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের ডিএনএ পরীক্ষায় দুই আসামির ডিএনএর উপস্থিতি পাওয়া গেছে। তদন্তে পাওয়া সাক্ষ্যপ্রমাণ ও অন্যান্য তথ্যও তাঁদের জবানবন্দির সঙ্গে মিলেছে।

মহানগর পুলিশের গোয়েন্দা শাখার উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী হত্যাকাণ্ডের পরিকল্পনা ও ঘটনার বিবরণ তুলে ধরেন। তিনি বলেন, গণপতি চক্রবর্তীর বাড়িতে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার রয়েছে বলে এলাকায় আলোচনা ছিল। তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীও স্বর্ণালংকার পরতেন। এসব তথ্য জেনেই দুই আসামি বাড়িটিতে চুরির পরিকল্পনা করেন।

সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার ১৫ থেকে ১৭ দিন আগেও সিদ্ধার্থ দাস ওই বাড়িতে ঢুকেছিলেন। তখন পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন তিনি। এ নিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এ ছাড়া সিদ্ধার্থ ও মুগ্ধ এর আগে পাশের তাঁতিপাড়া এলাকায় চুরি করতে গিয়ে ধরা পড়েছিলেন বলেও তদন্তে তথ্য পাওয়া গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ২১ আগস্ট রাতে চুরির উদ্দেশ্যে দুই আসামি গণপতি চক্রবর্তীর বাড়িতে যান। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাঁরা ছাদে অপেক্ষা করছিলেন। এ সময় তাঁরা ইয়াবা সেবন করেন। একপর্যায়ে ছাদের শব্দ শুনে গণপতি চক্রবর্তী সেখানে গেলে তাঁদের দেখে ফেলেন। তখন তাঁর গলায় থাকা গামছা দিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়। পরে শব্দ শুনে ছাদে আসেন গণপতির স্ত্রী প্রীতিলতা ও মেয়ে আগামী চক্রবর্তী।

পুলিশের দাবি, দুই আসামি তাঁদেরও হত্যা করেন। এরপর বাড়ির ভেতরে গিয়ে ১২ বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে হত্যা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, আগামীকে হত্যার সময় ধস্তাধস্তি হয়। পরে সিদ্ধার্থের শরীরে আঁচড়ের চিহ্ন পাওয়া যায়।

উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যাকাণ্ডের পর বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কিছু স্বর্ণালংকার, ইমিটেশনের গয়না ও নগদ টাকা নিয়ে যান আসামিরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, নগদ টাকার পরিমাণ ছিল প্রায় ১৫ হাজার টাকা। পরে সিদ্ধার্থের কাকা বিনয়ের বাড়ি থেকে তাঁদের দেখানো মতে স্বর্ণালংকার উদ্ধার করা হয়। তদন্তে ঘটনাস্থল থেকে সংগ্রহ করা প্রায় ৩৫টি নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। পুলিশের দাবি, খেজুর, শসা, সিগারেটের অবশিষ্টাংশ, বোতলের ক্যাপসহ বিভিন্ন আলামতে দুই আসামির ডিএনএ পাওয়া গেছে। এসব নমুনায় পরিবারের ছয় সদস্য ও দুই আসামির বাইরে অন্য কোনো ব্যক্তির ডিএনএর উপস্থিতি পাওয়া যায়নি।

পুলিশ আরও জানায়, গণপতি চক্রবর্তীর অবসরকালীন অর্থ নিয়ে এলাকায় ৫০ থেকে ৬০ লাখ টাকা পাওয়ার আলোচনা ছিল। তবে তদন্তে দেখা গেছে, তিনি অবসরকালীন প্রায় ২০ লাখ টাকা পেয়েছিলেন। সেই অর্থ সোনালী ব্যাংকের দুটি হিসাবে জমা রয়েছে। হিসাব দুটি বর্তমানে জব্দ অবস্থায় আছে।

মামলার তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। এতে ৫৩ জন সাক্ষী ও ৬৬টি আলামত অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযোগপত্রের বিষয়ে আদালতের কোনো পর্যবেক্ষণ আছে কি না, জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, এখনো বিচার কার্যক্রম শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তারপর বিচার কার্যক্রম শুরু হলে আদালতের পর্যবেক্ষণের বিষয়টি জানা যাবে।

গত ২২ আগস্ট রাতে নগরের মাছুয়াপাড়ার বাড়ি থেকে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগামী ও ১২ বছর বয়সী ছেলে আয়ুশের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন এ ঘটনায় হত্যা মামলা করেন গোপীনাথ চক্রবর্তী। প্রথমে কোতোয়ালি থানা তদন্ত করলেও পরে মামলার দায়িত্ব নেয় মহানগর ডিবি পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত