Ajker Patrika

বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নিল স্থানীয়রা

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
বিজিবির হেফাজত থেকে ২ ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নিল স্থানীয়রা

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুমদুমিয়া গাছবাগান এলাকায় বিজিবির হেফাজত থেকে দুই ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিজিবির দাবি, রাজস্থলী থানায় হস্তান্তরের জন্য নেওয়ার সময় শতাধিক পাহাড়ি নারী-পুরুষ টহলদলে হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নিয়ে যায়।

আজ সোমবার বিকেলে বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, গতকাল রোববার বিকেলে দুমদুমিয়া বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার মো. লিয়াকত আলীর নেতৃত্বে একটি টহলদল দুমদুমিয়া চেকপোস্টে যানবাহন তল্লাশি চালায়। এ সময় বিভিন্ন ধরনের ভারতীয় মালামালসহ সন্দেহভাজন দুই ভারতীয় চোরাকারবারীকে আটক করা হয়।

আটক দুজন হলেন ভারতের মিজোরাম প্রদেশের লংটিলা জেলার গবাছড়ি গ্রামের মনসিক্কা তঞ্চঙ্গ্যা ও সুশীল তঞ্চঙ্গ্যা।

বিজিবির ভাষ্য, তাঁদের কাছে ভারতীয় প্রসাধনসামগ্রী, আধার কার্ড ও কাপড়চোপড় ছিল।

বিজিবি জানায়, জিজ্ঞাসাবাদ শেষে অধিকতর তদন্তের জন্য ওই দিন সন্ধ্যায় রাজস্থলী থানায় হস্তান্তরের উদ্দেশ্যে আটক দুজনকে নিয়ে যাওয়া হচ্ছিল। ক্যাম্পসংলগ্ন এলাকায় শতাধিক পাহাড়ি নারী-পুরুষের একটি সংঘবদ্ধ দল বিজিবির টহলদলে হামলা চালায়।

বিজিবির দাবি, হামলাকারীরা নারীদের মানবঢাল হিসেবে ব্যবহার করে টহল দলের হেফাজত থেকে আটক দুই ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নিয়ে যায়।

ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ছিনিয়ে নেওয়া ব্যক্তিদের পুনরায় আটক এবং হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান বলে জানিয়েছে বিজিবি।

কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী বলেন, ‘বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি অবৈধ পুশ-ইন ও অনুপ্রবেশ প্রতিরোধ এবং অস্ত্র, গোলাবারুদ ও মাদকসহ সব ধরনের চোরাচালান দমনে দায়িত্বশীলভাবে কাজ করে যাচ্ছে। সীমান্তের নিরাপত্তা ও দেশের স্বার্থ রক্ষায় বিজিবির এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত