
সরকারি ওষুধ যমুনা নদীতে ফেলে দেওয়ার ঘটনার পর টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযানে হাসপাতালের টয়লেট ও পরিত্যক্ত ভবনে বিপুল পরিমাণ ওষুধ অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নইম মোহাম্মদ সোহেলকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ সোমবার দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয়, টাঙ্গাইলের উপপরিচালক ফখরুল ইসলামের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট দল অভিযান চালায়। দলটি হাসপাতালের ওষুধ সংরক্ষণ, মজুত ও বিতরণ-সংক্রান্ত বিভিন্ন রেজিস্ট্রার ও নথিপত্র যাচাই-বাছাই করে।
দুদক কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্তে মামলায় নানা অনিয়ম, তদন্তে গাফিলতি ও মূল ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে সম্মিলিতভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টার সুনির্দিষ্ট আলামত পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা যায়, গত ২৬ আগস্ট মধ্যরাতে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এক পিকআপ সরকারি ওষুধ ভূঞাপুরের যমুনা নদীতে ফেলার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। স্থানীয় জনতা পিকআপটি আটক করে। খবর পেয়ে পুলিশ পিকআপভর্তি ওষুধ জব্দ করে এবং চালককে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার পরদিন রাতে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু নইম মোহাম্মদ সোহেল বাদী হয়ে একটি মামলা করেন।
দুদকের উপপরিচালক ফখরুল ইসলাম বলেন, শুরু থেকেই এই প্রক্রিয়ায় চরম গাফিলতি ও তদন্তের নামে দায়সারা কার্যক্রম চালানো হয়েছে। গণমাধ্যমে প্রকাশিত ওষুধের বস্তার পরিমাণের সঙ্গে থানা কর্তৃক জব্দ করা বস্তার সংখ্যায় ব্যাপক গরমিল রয়েছে। থানায় খুবই সামান্য পরিমাণ ওষুধ জব্দ হিসেবে দেখানো হয়েছে। মূলত ঘটনাটি ধামাচাপা দিতে অনেক পক্ষ জড়িত বলে মনে হচ্ছে।
ফখরুল ইসলাম আরও বলেন, এত বড় একটি কেলেঙ্কারির পরও হাসপাতাল কর্তৃপক্ষ এখনো বিপুল পরিমাণ ওষুধ হাসপাতালের টয়লেট ও পরিত্যক্ত ভবনে ফেলে রেখেছে। সেখানে সংরক্ষিত ওষুধগুলোর মেয়াদ আছে কি না বা কী ধরনের ওষুধ রাখা হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কোনো স্পষ্ট তথ্য দিতে পারেনি। এতে তাদের চরম অবহেলা ফুটে উঠেছে।
আইনি প্রক্রিয়া ও তদন্ত সাপেক্ষে ঘটনার পেছনে জড়িত মূল কারিগর ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান দুদকের এই কর্মকর্তা।

জ্যোৎস্না বেগম পিরোজপুরের নেছারাবাদ উপজেলার রাহুতকাঠী গ্রামে মো. বেল্লাল আকনের বাসায় কাজ করতেন। রাজু সিকদার তাঁর স্বামী পরিচয়ে প্রায়ই ওই বাসায় যেতেন। ২০১৮ সালের ২৪ নভেম্বর জ্যোৎস্নার সঙ্গে বেল্লালের স্ত্রী মাকসুদা বেগমের কথা-কাটাকাটি হয়।
৩ মিনিট আগে
গেট পাসের বাড়তি ফি ও ট্রেইলর শ্রমিককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রাম বন্দর থেকে কনটেইনার ডেলিভারি বন্ধ রেখেছেন ট্রাক, প্রাইম মুভার ও ট্রেইলর চালক-শ্রমিকেরা। বিকেল চারটা থেকে পণ্য পরিবহন বন্ধ থাকায় ডেলিভারি কার্যক্রম ব্যাহত হচ্ছে।
১০ মিনিট আগে
রাঙামাটির বিলাইছড়ির দুমদুমিয়া এলাকায় বিজিবির হেফাজত থেকে দুই ভারতীয় চোরাকারবারীকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিজিবির দাবি, শতাধিক পাহাড়ি নারী-পুরুষ টহলদলে হামলা চালিয়ে তাঁদের নিয়ে যায়। ঘটনায় নিরাপত্তা জোরদার ও আইনানুগ কার্যক্রম চলছে।
২৩ মিনিট আগে
বান্দরবানে চার বছর বয়সী শিশু তাইফা সুলতানাকে গলা টিপে হত্যার অভিযোগ উঠেছে তার ফুফুর বিরুদ্ধে। ঘটনার পরপরই অভিযুক্ত নার্গিস সুলতানা কচিকে (৫২) আটক করেছে পুলিশ।
২৭ মিনিট আগে