Ajker Patrika

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৬ মে ২০২৬, ১৫: ৫৮
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয় বহন করবে সরকার
হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিচ্ছেন রাজশাহী জেলা প্রশাসক। ছবি: আজকের পত্রিকা

টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নিয়েছেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এ সময় তিনি জানান, আহত ব্যক্তিদের চিকিৎসার ব্যয়ভার সরকার বহন করবে।

আজ মঙ্গলবার (২৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসক রামেক হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের বলেন, টাঙ্গাইলের কালিহাতীতে সংঘটিত সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন চারজন আহত ব্যক্তি শঙ্কামুক্ত রয়েছেন।

জেলা প্রশাসক আরও বলেন, আহত ব্যক্তিদের চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ঘাটতি না রাখতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশনা দেওয়া হয়েছে। চিকিৎসার যাবতীয় ব্যয়ভার সরকার বহন করবে।

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কপথে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান জেলা প্রশাসক। এ জন্য মোবাইল টিম ও ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, যারা নিয়মিত তদারকি কার্যক্রম পরিচালনা করবে।

এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলামসহ বিশেষজ্ঞ চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গতকাল সোমবার নোয়াখালী থেকে রডবোঝাই ট্রাকে চড়ে ফেরার পথে টাঙ্গাইলের কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হন। আহহ হন আরও বেশ কয়েকজন। তাঁদের অধিকাংশের বাড়ি রাজশাহীর নওগাঁয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত