Ajker Patrika

বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাবি প্রতিনিধি 
বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে রাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইতিহাস বিভাগের এক শিক্ষার্থী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় নাটোরের আব্দুলপুর জংশনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মাহদী হাসান মুরাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি লালমনিরহাট জেলায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুলপুর জংশনে ইঞ্জিন পরিবর্তনের জন্য তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সাময়িকভাবে থামানো হয়। এ সময় মাহদী হাসান মুরাদ প্ল্যাটফর্ম ব্যবহার না করে রেললাইনের মধ্য দিয়ে হেঁটে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করেন। ঠিক তখনই চলমান ট্রেনের ইঞ্জিন তাঁকে ধাক্কা দেয়। এতে ট্রেনের চাকা তাঁর এক পায়ের ওপর দিয়ে চলে যায় এবং শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাত লাগে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, দুর্ঘটনার পর তিনি দু-একবার হালকা ঝাঁকুনি দেন এবং দুই থেকে তিন মিনিটের মধ্যেই মৃত্যুবরণ করেন।

একই ট্রেনে থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী ইউসুফ বলেন, ‘আমরা সবাই একই ট্রেনে যাচ্ছিলাম। শুরুতে বুঝতে পারিনি যে দুর্ঘটনায় নিহত ব্যক্তি আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তার মরদেহ উপুড় হয়ে পড়ে থাকায় শনাক্ত করা কঠিন ছিল। পরে বিষয়টি নিশ্চিত হলেও ট্রেন ছেড়ে দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল। সে কারণে আমি সেখানে আর থাকতে পারিনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘আমরা এই দুর্ঘটনার খবর শুনেছি। বিভাগের সভাপতি, প্রশাসন এবং দুর্ঘটনাস্থলে যাঁরা আছেন, তাঁদের সঙ্গে কথাবার্তা চলছে, কীভাবে কী করা যায়। এখন বিস্তারিত বলা যাচ্ছে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত