Ajker Patrika

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভাল্‌ভের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন

পাবনা প্রতিনিধি
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সেফটি ভাল্‌ভের সমস্যার সমাধান, সফল পরীক্ষা সম্পন্ন
ফাইল ছবি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। গতকাল বুধবার সকালে ১৬ মেগাপাসকেল উচ্চচাপে প্রেসার-অপারেটেড রিলিফ ভাল্‌ভের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জায়েদুল হাসান আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে পিআরওভি ভাল্‌ভের সমস্যা সমাধানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত মঙ্গলবার রাত থেকে শুরু হওয়া এই পরীক্ষা চলে বুধবার রাত পর্যন্ত। এই পরীক্ষা প্রধান নিয়ন্ত্রণকক্ষ এবং জরুরি নিয়ন্ত্রণকক্ষ উভয় স্থান থেকেই পরিচালনা করা হয়। পরীক্ষায় কন্ট্রোল ভাল্‌ভগুলোর কার্যকারিতা যাচাই করা হয়। ভাল্‌ভগুলোর কার্যক্রম সন্তোষজনক পাওয়ার পর সংশ্লিষ্ট মেইন সেফটি ভাল্‌ভের কার্যক্রম ও প্রতিক্রিয়াও যাচাই করা হয়। এ সময় ভাল্‌ভের প্রতিক্রিয়া, খোলা ও বন্ধ হওয়ার কার্যক্রম, অ্যালার্ম এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রক্রিয়াগত পরামিতি পর্যবেক্ষণ করা হয়।

অনুমোদিত পদ্ধতি ও প্রয়োজনীয় নিরাপত্তা শর্ত কঠোরভাবে অনুসরণ করে পরীক্ষাটি পরিচালনা করা হয়। পরীক্ষা শুরুর আগে ও চলাকালে যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং বিকিরণ নিরাপত্তাসহ সংশ্লিষ্ট সব নিরাপত্তা ব্যবস্থা যাচাই করা হয় বলে জানান তিনি। তিনি বলেন, পিআরওভি পরীক্ষার সফল সমাপ্তিকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কমিশনিং প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ, রিঅ্যাক্টরের প্রাইমারি সিস্টেমে নিরাপদ চাপ বজায় রাখার সঙ্গে এই ব্যবস্থাটি সরাসরি সম্পৃক্ত।

ড. জায়েদুল দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, কমিশনিং কার্যক্রমের পুরো প্রক্রিয়ায় নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রতিটি পরীক্ষা প্রয়োজনীয় প্রস্তুতি, অনুমোদন, ব্রিফিং এবং নিরাপত্তা শর্ত নিশ্চিত হওয়ার পরই পরিচালনা করা হচ্ছে। নির্ধারিত সময়সূচি ঠিক রাখতে গিয়ে নিরাপত্তার ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

পরবর্তী ধাপে প্রায় ১৮ মেগাপাসকেল চাপে পরীক্ষা খুব শিগগিরই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশনিং দল ধাপে ধাপে এগোচ্ছে এবং প্রতিটি পর্যায় সতর্কতার সঙ্গে যাচাই করার পর পরবর্তী ধাপে যাওয়ার প্রক্রিয়া অনুসরণ করছে। এর আগে সেফটি ভাল্‌ভের ত্রুটিতে রূপপুরের বিদ্যুৎ উৎপাদন অনিশ্চয়তায় পড়ে।

রাশিয়ার পরমাণু প্রকৌশল ঠিকাদারি প্রতিষ্ঠান জেএসসি এএসই বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ চালুর লক্ষ্যে ইউনিট-২ থেকে একটি পাইলট-অপারেটেড রিলিফ ভাল্‌ভ (পিআরওভি) ইউনিট-১-এ স্থানান্তরের প্রস্তাব দেয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছিলেন।

গত ৩ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে সংবাদ সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছিলেন, রূপপুরের সেফটি ভাল্‌ভে ত্রুটির কারণে প্রথম ইউনিট থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর সময় পিছিয়ে যাচ্ছে। তবে কবে ত্রুটি মেরামত হবে বা বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে, সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেননি তিনি।

দেশে চলমান বৈদ্যুতিক পরিস্থিতিতে রূপপুরের ভাল্‌ভের বিষয়টি দেশের বিভিন্ন গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে দ্রুত ভাল্‌ভের সমস্যা সমাধানের জন্য রাশিয়া সরকারের সঙ্গে আলোচনা সাপেক্ষে গত ২২ সেপ্টেম্বর রাশিয়া থেকে ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ দল সমস্যা সমাধানের জন্য রূপপুরে আসেন। তাঁদের এবং বাংলাদেশিদের নিরলস প্রচেষ্টায় শেষ পর্যন্ত ভাল্‌ভের সমস্যার সমাধান হয়েছে বলে জানান এমডি জায়েদুল হাসান।

এদিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জ্বালানি তথা ইউরেনিয়াম আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর নাগাদ ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে জানা গেছে। রূপপুর পারমাণবিক নির্মাণকারী রাশিয়ার রোসাটম এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ২য় ইউনিটের জন্য পারমাণবিক জ্বালানি সরবরাহ ২০২৬ সালের অক্টোবর মাসে শুরু হয়ে ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এবং ডিসেম্বরের শেষ নাগাদ এই সরবরাহ প্রক্রিয়া সম্পন্ন হবে। চুক্তি ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী, জ্বালানিগুলো একাধিক ফ্লাইটের মাধ্যমে পরিবহন করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত