
নাকে খত আর হাজার টাকা জরিমানা করে পাবনার বেড়ায় ধর্ষণের ঘটনা মিমাংসার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। তবে ভুক্তভোগীর অভিযোগে গত শনিবার অভিযুক্ত শফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে বুধবার (৩১ জানুয়ারি) উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগে জানা যায়, ওই দিন (বুধবার) উপজেলার চাকলা আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা শফিকুল ইসলাম শফিক ওই গৃহবধূর (৩০) ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন আসলে অভিযুক্ত পালিয়ে যান।
ঘটনার পরদিন বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চাকলা ইউনিয়ন পরিষদে এক সালিসি বৈঠক হয়। সেখানে চাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী সরদারের নেতৃত্বে অভিযুক্তকে নাকে খত, জুতাপেটার পাশাপাশি এক হাজার টাকা জরিমানা করে ঘটনাটি মীমাংসা করা হয়।
এ সময় ভুক্তভোগীকে এ নিয়ে কোনো মামলা বা ঝামেলা না করতেও হুমকি দেন ইউপি চেয়ারম্যান। পরবর্তীতে ভুক্তভোগীর অভিযোগে গত শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে অভিযুক্ত শফিককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
ভুক্তভোগীর স্বামী বলেন, ‘মাত্র এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমার স্ত্রীর ইজ্জতের মূল্য কি এক হাজার টাকা? সেখানে আমাকে অনেক ভয় দেখানো হয়েছে। চেয়ারম্যান বলেছে-‘তুই যদি মামলা-মোকদ্দমায় যাস, তাহলে আমি বলে দেব তুই তোর স্ত্রীকে দিয়ে দেহ ব্যবসা করাস’, এ জন্য আমি প্রথমে পুলিশের কাছে যাইনি। আমি আমার স্ত্রীকে ধর্ষণ ও তামাসার বিচারের বিচার চাই।’
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী সরদার বলেন, ‘আমার কাছে উভয় পক্ষ আসলে আমি স্থানীয় মেম্বরদের সহযোগিতায় একটি সালিসে বৈঠক করেছি। সেখানে ধর্ষণের কোনো অভিযোগ ছিল না। তারপরও যেহেতু একজন নারীর ঘরে বিনা অনুমতিতে ঢুকেছিল এ জন্য আমার তাকে (অভিযুক্ত) কান ধরে ওঠবস করানো হয়েছে। কিন্তু কোনো জরিমানা করা হয়নি। যে এক হাজার টাকা নেওয়া হয়েছে সেটা জরিমানা নয়, ওটা গ্রাম্য পুলিশদের খরচ হিসেবে দেওয়া হয়েছে। তখন উভয় পক্ষ আমাদের সিদ্ধান্ত মেনে নিয়েছিল। এখন তারা মানছে না।’
তিনি আরও বলেন, ‘একটি কুচক্রী মহল ও প্রতিপক্ষের লোকজন আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়াচ্ছে। যেহেতু তারা সিদ্ধান্ত না মেনে আইনগত পদক্ষেপ নিয়েছে। এখন আইনের মাধ্যমে যা হয়, তা হবে। কিন্তু আমার বিরুদ্ধে করা সব অভিযোগ ভিত্তিহীন।’
এ বিষয়ে বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি থানায় একটি অভিযোগ দেন। অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে অভিযুক্ত শফিকুল ইসলাম শফিককে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। কিন্তু আমরা চেয়ারম্যানের বিরুদ্ধে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশেই গড়ে উঠেছে অনিয়ন্ত্রিত ময়লার ভাগাড়। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদের নামে প্রতিষ্ঠিত বিদ্যালয়টির শ্রেণিকক্ষের জানালা ঘেঁষে জমে থাকা ময়লার স্তূপ থেকে ছড়ানো দুর্গন্ধে চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
২৫ মিনিট আগে
পটুয়াখালীর বাউফলে উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিরুদ্ধে এক বিএনপি নেতার গাড়িচালককে মারধরের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও দাবি করেছেন সংশ্লিষ্ট বিএনপি নেতা। এ ঘটনায় ছাত্রদল সভাপতিকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।
১ ঘণ্টা আগে
টাঙ্গাইলের মির্জাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার মির্জাপুর প্রতিনিধি মো. জাহাঙ্গীর হোসেনের মা জাহিরন নেছা (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার হৃদ্রোগে আক্রান্ত হলে তাঁকে ঢাকার জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউটে...
১ ঘণ্টা আগে
বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি মো. বাদল মোড়ল দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন। এ ঘটনায় একই সঙ্গে থাকা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আব্দুল্লাহ মোড়ল গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জুন) রাত ১০টার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার নিয়তির মাঠ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে