Ajker Patrika

ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় নিহত স্বামী-স্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি 
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৪১
ছেলের বিয়ের বাজার করে ফেরার পথে ট্রাকচাপায় নিহত স্বামী-স্ত্রী
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিহত দম্পতির স্বজনেরা। ছবি: আজকের পত্রিকা

পাবনার ঈশ্বরদীতে ছেলের বিয়ের বাজার করে মোটরসাইকেলে বাড়িতে ফেরার পথে ট্রাকচাপায় পিষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যায় ঈশ্বরদী শহরের আলহাজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সাহাপুর ইউনিয়নের মালিথার পাড়ার আনোয়ার উদ্দিন (৫৫) এবং তাঁর স্ত্রী স্বপ্না খাতুন (৪৫)।

জানা গেছে, ১১ অক্টোবর আনোয়ার উদ্দিনের একমাত্র ছেলের বিয়ের তারিখ নির্ধারিত ছিল। আজ বুধবার ছেলের বিয়ের জন্য কেনাকাটা করতে আনোয়ার উদ্দিন ও স্ত্রী স্বপ্না খাতুন মোটরসাইকেলে ঈশ্বরদী বাজার যান। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে বাজার শেষে মোটরসাইকেলে স্বামী-স্ত্রী বাড়িতে ফিরছিলেন। পথে শহরের আলহাজ মোড় অতিক্রম করার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলে প্রচণ্ড জোরে ধাক্কা দেয়। এতে তাঁরা মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান স্বপ্না খাতুন। গুরুতর আহত আনোয়ার উদ্দিনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ৮টা ৫ মিনিটে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত আনোয়ারের চাচাতো ভাই অবসরপ্রাপ্ত রেলওয়ে টিটিই আতিয়ার রহমান জানান, দুর্ঘটনার ব্যাপারে তাঁরা পারিবারিকভাবে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেবেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত