
পাবনা শহরে অভিযান চালিয়ে অপহৃত এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানা-পুলিশের যৌথ অভিযানে অপহৃত শিক্ষার্থীকে উদ্ধার এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনা পৌর এলাকার দিলালপুর কফিলউদ্দিনপাড়া মহল্লার মৃত ইমরান হোসেনের ছেলে আফনান আহম্মেদ আবির (২১), একই এলাকার লোকমান হোসেনের ছেলে রাকিব হাসান (১৯), শালগাড়িয়া মহল্লার শরিফুল ইসলামের ছেলে নাজমুস সাদাত নাফি (১৯), দিলালপুর ফায়ার সার্ভিস-সংলগ্ন এলাকার উজ্জ্বল শেখের ছেলে বিশাল শেখ সাদ (২২) এবং সুজানগর উপজেলার আমিনপুর থানার দুর্গাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে সানজিদ হাসান সুপ্ত (১৯)।
উদ্ধার হওয়া শিক্ষার্থী ইন্দ্রজিৎ দাস রায় দেব (১৫) পাবনা পৌরসভার শিবরামপুর নারকেলবাগান সড়ক এলাকার প্রলয় দাস রায়ের ছেলে। সে পাবনা মহিম চন্দ্র জুবিলী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম জানান, ২৩ জুলাই পারিবারিক অভিমানের কারণে ইন্দ্রজিৎ বাড়ি থেকে বের হয়ে যায়। পরে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে ২৯ জুলাই পাবনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
তিনি জানান, ওই দিনই সন্ধ্যায় স্বজনেরা ইন্দ্রজিৎকে খুঁজে পেয়ে বাড়ি ফিরছিলেন। রাত প্রায় ১১টা ৫৫ মিনিটে পাবনা শহরের দিলালপুর বেলতলা সড়কে আহম্মেদ রফিক বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে একদল দুর্বৃত্ত তাঁদের বহনকারী রিকশার গতিরোধ করে ইন্দ্রজিৎকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এ সময় অপহরণকারীরা পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।
খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে ডিবি ও সদর থানা-পুলিশের একটি যৌথ দল দিলালপুর বেলতলা সড়কের শায়েস্তা খাঁর গলি এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা ইন্দ্রজিৎকে ফেলে পালানোর চেষ্টা করলে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। একই সময় ঘটনাস্থল থেকে অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে উদ্ধার হওয়া শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ইন্দ্রজিতের মা রিতা রানী দাস রায় বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে অভিযুক্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পিংকির গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার জামবাড়ি গ্রামে। বাবার নাম প্রফুল্ল বিশ্বাস। তিনি রাজধানীর আনোয়ার খান মর্ডানের নার্সিং ইনস্টিটিউটের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। ক্রিসেন্ট রোডের ওই হোস্টেলে পিংকিসহ তিনজন থাকতেন।
১৬ মিনিট আগে
নওগাঁর সাপাহারে দেশের অন্যতম বৃহৎ আমের বাজার এখনো জমজমাট। মৌসুমের শেষ সময়ে এসে বাজারে সরবরাহ কমে যাওয়ায় আমের দাম প্রায় দ্বিগুণ পর্যন্ত বেড়েছে...
৪২ মিনিট আগে
আজ দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে। এ সময় তাঁরা নিহত শেফালী বেগমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন।
১ ঘণ্টা আগে
বান্দরবানের রুমা উপজেলায় বগালেক সড়কের পেঁপেবাগান এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে নারীসহ দুই পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মো. জামির উদ্দিন (৩০) ও রুপাইয়া আক্তার রুপা (৩১)।
১ ঘণ্টা আগে