
পাবনার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর ইউনিয়নের ক্ষুদ্র গোপালপুর গ্রামে মাদক বিক্রির অভিযোগে এক ব্যক্তির বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছেন এলাকাবাসী। এই ঘটনায় অভিযুক্ত মাদক কারবারি মো. আব্দুল আলিম (৫৫) ও তাঁর ছেলে মো. অমি (২৭) আহত হয়েছেন। গতকাল শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে এই ঘটনা ঘটে। সালিস বৈঠকে দেওয়া অঙ্গীকার রক্ষা না করায় এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আব্দুল আলিম কাশিনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি বলে জানা গেছে। এই ঘটনায় আহত আব্দুল আলিমের স্ত্রী ফরিদা বেগম বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি অভিযোগ করেছেন।
স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আলহাজ মমতাজ আলী, নুর ইসলাম, সোবাহান ও ইউনিয়ন পরিষদ সদস্য শাহীন জানান, আব্দুল আলিম দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের কারবার চালিয়ে আসছেন। মাদক বিক্রির অভিযোগে এর আগেও তাঁর বিরুদ্ধে এলাকায় একাধিকবার সালিসি বৈঠক হয়েছে।
গত ২৬ সেপ্টেম্বর আব্দুল আলিম, জাহাঙ্গীর হোসেন ও রাজীবের বিরুদ্ধে একটি সালিস বৈঠক বসে। বীর মুক্তিযোদ্ধা মমতাজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে আব্দুল আলিমসহ অন্য অভিযুক্তরা মৌখিকভাবে স্বীকার করেন যে, তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত। সে সময় তাঁরা আর কখনো মাদক কারবার করবেন না বলে অঙ্গীকারও করেছিলেন। কিন্তু এর পরও মাদক বিক্রি অব্যাহত রাখায় এবং এলাকাবাসীকে মারধরের হুমকি দেওয়ায় ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা ফয়েজ, নুর ইসলাম, খলিল ও মাহবুবুর রহমান অভিযোগ করেন, এলাকার বাইরে থেকে মোটরসাইকেল ও সিএনজিতে করে সারা রাত ধরে অনেকেই মাদক ক্রয় করতে আলিমের বাড়িতে আসতেন। বারবার অভিযোগ করার পরও তিনি কারবার বন্ধ না করায় গতকাল শুক্রবার দুপুরে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাঁর বাড়িতে হামলা চালান।
থানায় দেওয়া অভিযোগে বলা হয়, গতকাল দুপুরের দিকে শরীফ শেখসহ ২০ থেকে ২৫ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে আব্দুল আলিমের বাড়িতে প্রবেশ করে হামলা চালান। এ সময় বসতঘরের টিনের বেড়া, জানালা ও আসবাবপত্র ভাঙচুর করা হয়।
ভুক্তভোগী পরিবারের দাবি, হামলাকারীরা বাড়ি থেকে নগদ ৪ লাখ ৪৩ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছেন। এ ছাড়া লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে মারধর করা হলে আব্দুল আলিম ও তাঁর ছেলে অমি গুরুতর আহত হন। এ ঘটনায় অপর দুই অভিযুক্ত রাজীব ও জাহাঙ্গীর পলাতক রয়েছেন।
এদিকে কাশিনাথপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইদ্রিস আলী মুন্সী বলেন, আলিম একজন মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে এলাকাবাসী বারবার থানায় অভিযোগ করলেও কোনো প্রতিকার না পেয়ে ক্ষিপ্ত হয়ে এ হামলা চালিয়েছেন। এখানে রাজনীতি বা লুটপাটের মতো কোনো ঘটনা ঘটেনি।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুল আলম জানান, আব্দুল আলিম একজন চিহ্নিত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে মাদকের একাধিক অভিযোগ রয়েছে। হামলা ও ভাঙচুরের ঘটনার সঙ্গে মাদকসংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, ভাঙচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আমির খসরু কর্মজীবনে সংবাদ, দৈনিক খবর, দৈনিক ইত্তেফাক, চ্যানেল আইতে স্টাফ রিপোর্টার এবং ভয়েস অব আমেরিকার করেসপনডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ছিলেন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) প্রতিষ্ঠাতা সভাপতি এবং জাতীয় প্রেসক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্থায়ী সদস্য...
৯ মিনিট আগে
ডেঙ্গু প্রতিরোধ ও শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে ঝালকাঠিতে সচেতনতামূলক র্যালি ও বিশেষ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। আজ শনিবার পরিচালিত এ অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে ময়লা-আবর্জনা ফেলে রাখার দায়ে চারটি মামলায় মোট সাড়ে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৭ মিনিট আগে
সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে চুয়েটে ১৯ দিন ধরে অচলাবস্থা চলছে। শিক্ষার্থীদের শাটডাউন ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতিতে বন্ধ শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। ১১ ও ১২ অক্টোবর উপাচার্যের রুটিন দায়িত্ব পেয়েছেন অধ্যাপক মো. আরাফাত রহমান।
৪২ মিনিট আগে
আসন্ন ঈদের আগেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তে নির্মাণাধীন বাস-বে, যাত্রীছাউনি ও ফুটওভার ব্রিজের কাজ শেষ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দিয়েছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ...
১ ঘণ্টা আগে