পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার দুবলিয়া বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে সামান্য আগুন ধরে গেলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে দুবলিয়া বাজারের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো এক সময়ে দুর্বৃত্তরা গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখা কার্যালয় লক্ষ্য করে পরপর দুটি পেট্রলবোমা ছোড়ে। বোমা দুটি কার্যালয়ের বাইরের বারান্দার দেয়ালে আঘাত হানলে সেখানে আগুন ধরে যায়। তবে আগুন ভেতরে ছড়িয়ে পড়ার আগেই তা নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
গ্রামীণ ব্যাংকের দুবলিয়া শাখার ব্যবস্থাপক তানিয়া খাতুন বলেন, পেট্রলবোমার আঘাতে দেয়ালে আগুন ধরে গেলে দোতলায় থাকা কর্মকর্তারা দ্রুত তা নেভানোর চেষ্টা করেন। এ ঘটনায় তেমন কোনো ক্ষতি না হলেও কর্মকর্তা-কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েছেন। বিষয়টি প্রশাসন ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার সাহা বলেন, রাতের কোনো এক সময়ে বাইরে থেকে ব্যাংক কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভীতি সৃষ্টির উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









