
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় টাকা ছিনতাইয়ের অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (২৫) নামে এক যুবক নিহত হয়েছে বলে জানা গেছে। আজ সোমবার সকালে হাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মান্দার বাড়ির দরজায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তবে নিহতের পরিবার বলছে, পূর্বশত্রুতার জের ধরে কিশোর গ্যাংয়ের সদস্যরা পিটিয়ে ও কুপিয়ে বলিকে হত্যা করেছে।
নিহত বলি চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খালাসী বাড়ির বদিউজ্জামানের ছেলে। পুলিশ জানায়, নিহত যুবকের বিরুদ্ধে থানায় পাঁচ-ছয়টি মামলা রয়েছে। তিনি প্রশাসনের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী।
চৌমুহনী বাজারের ব্যবসায়ী আব্দুল মোতালেব জানান, আজ সকালে তাঁর ছেলে মিজানুর রহমান ২০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে চৌমুহনী বাজারের উদ্দেশে বের হয়। পথে উপজেলার মনতাজ স্যারের বাড়ির সামনে পৌঁছালে বলি ও তাঁর লোকজন মিজানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে মারধর করে টাকাগুলো ছিনিয়ে নেন। খবর পেয়ে স্থানীয় লোকজন সেখানে গিয়ে বলিকে আটক করে গণপিটুনি দিলে তিনি মারা যান। তাৎক্ষণিকভাবে বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ করে এবং নিহত বলির আড্ডাখানায় হামলা চালায়।
এদিকে নিহতের বড় বোন শাহনাজ আক্তার বলেন, আজ সোমবার সকাল ৬টার দিকে বলি তাঁর (শাহনাজ) মেয়েকে দেখতে তাঁদের বাড়িতে যান। সেখান থেকে সকাল সাড়ে ৭টার দিকে আবার নিজের বাড়ি ফেরার পথে উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১৫-২০ জন কিশোর গ্যাং সদস্য তাঁকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে বেধড়ক পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। তিনি দাবি করেন, পূর্বশত্রুতার জেরে বলিকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, অস্ত্র, বিস্ফোরকসহ নিহত বলির বিরুদ্ধে পাঁচ-ছয়টি মামলা রয়েছে। এলাকায় তাঁর বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে লোকজন তাঁকে গণপিটুনি দেয়। লাশ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার চৌদ্দগ্রামের গুণবতী ও নাঙ্গলকোটে রেললাইনে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন এবং মেঘনা এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে আপ ও ডাউন উভয় লাইনে ট্রেন চলাচল বন্ধ হওয়ার আড়াই ঘণ্টা পর এক লেন দিয়ে সারা দেশের সঙ্গে রেল চলাচল শুরু হয়েছে।
৩৩ মিনিট আগে
চাঁদপুরের ফরিদগঞ্জে তীব্র লোডশেডিং ও অতিরিক্ত বিদ্যুৎ বিলের ক্ষোভে পল্লী বিদ্যুতের এক কর্মীকে তুলে নিয়ে মারধর ও আটকে রাখার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
ফরিদপুরের সদরপুর উপজেলার জামতলা বাজারে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ সহায়তা তুলে দিয়েছেন কাজাখস্তানপ্রবাসী ফরহাদ ওহাব আকনের পক্ষ থেকে তাঁর বাবা আব্দুল ওহাব আকন।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ধাক্কায় রনি সরকার (২৫) নামে এক অটোরিকশার চালক নিহত হয়েছেন। বুধবার বিকেলে লালমনিরহাট রংপুর মহাসড়কে অ্যাভিয়েশন বিশ্ববিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সরকার সদর উপজেলার হারাটি ইউনিয়নের ফকিরটারি গ্রামের নুর ইসলামের ছেলে।
১ ঘণ্টা আগে