
ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিপাতের কারণে উজান থেকে নেমে আসা ঢলে নেত্রকোনার দুর্গাপুরের সোমেশ্বরী নদীতে পানি বাড়ছে। নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় মাঠের বোরো ধান ঘরে তোলা নিয়ে শঙ্কায় পড়েছেন কৃষকেরা। উপজেলা কৃষি বিভাগ কৃষকদের দ্রুত ধান কাটার পরামর্শ দিয়েছে।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ৩টা পর্যন্ত নদীর পানি বৃদ্ধি অব্যাহত ছিল। এর আগে সকাল থেকেই ভারত-বাংলাদেশ সীমান্তের বিজয়পুর পয়েন্ট দিয়ে উজানের পানি সোমেশ্বরী নদীতে প্রবেশ করতে শুরু করে।
স্থানীয় বাসিন্দারা জানান, ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টির কারণে সকাল থেকেই সোমেশ্বরী নদীর পানি দ্রুত বাড়তে থাকে। এতে তেরী বাজার ঘাট থেকে শিবগঞ্জ ঘাট এবং বিরিশিরি ঘাট থেকে দক্ষিণ ভবানীপুর ঘাট এলাকায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালের অর্থায়নে নির্মিত কাঠের সেতু পানিতে তলিয়ে যায়। ফলে নদী পারাপারে দুর্ভোগ আরও বেড়েছে। নৌকায় পারাপারের সময় ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।
হাসান মিয়া নামের এক ব্যক্তি বলেন, ‘সকাল থেকেই পানি বাড়ছে। পানিতে কাঠের সেতুটি তলিয়ে গেছে। এখন আমাদের নৌকায় ঝুঁকি নিয়ে পারাপার হতে হচ্ছে।’
আলী হোসেন নামের এক অটোরিকশাচালক বলেন, ‘আমি আমার গাড়িতে মালামাল নিয়ে ওপারে যেতে চেয়েছিলাম, কিন্তু এখন পার হওয়াই ঝুঁকিপূর্ণ। কাঠের সেতুটি যত দিন ছিল, আমরা কিছুটা স্বস্তিতে ছিলাম।’

পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, সোমেশ্বরী নদীর বিজয়পুর পয়েন্টে আজ বেলা ৩টা পর্যন্ত পানি বিপৎসীমার ৫ দশমিক ১১ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুর্গাপুর পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ৩ দশমিক ৫৩ মিটার নিচ দিয়ে। এ ছাড়া কংশ নদের পানি বিপৎসীমার ৩ দশমিক ৯৯ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমেশ্বরী নদীর পানি বাড়লে নিচু এলাকাগুলো প্লাবিত হয়ে থাকে। এতে ফসলি জমি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন কৃষকেরা। কারণ, এখনো মাঠে তাঁদের ধানের ফসল রয়ে গেছে।
দুর্গাপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিপা বিশ্বাস বলেন, দুর্গাপুর উপজেলায় ১৭ হাজার ৬০৮ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ২০০ হেক্টর ধান এখন পর্যন্ত কাটা হয়েছে। কৃষকদের দ্রুত ধান কেটে নেওয়ার নির্দেশনা দেওয়া হচ্ছে।
এদিকে সব ধরনের পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান। তিনি বলেন, ‘সোমেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। আমরা কৃষকদের দ্রুত ধান কেটে নেওয়ার পরামর্শ দিচ্ছি এবং ধান কাটার জন্য প্রয়োজনীয় সহযোগিতাও করা হচ্ছে। এখনো বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়নি, তবে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

রাজধানীর মোহাম্মদপুরে নবীনগর হাউজিংয়ের ৬০ ও ৬২ নম্বর প্লটে নির্মাণকাজ বন্ধ করে আড়াই কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। চাঁদা না দিলে প্লট ছেড়ে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠান মাইনমুনা কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী মো. কাউসার রহমান।
৫ মিনিট আগে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রমনা কালী মন্দির প্রাঙ্গণে বিদ্যানন্দ ফাউন্ডেশন ও ডিএসসিসির উদ্যোগে প্রতীকী মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পোশাক বিক্রি করা হয়েছে। ৫০ পয়সা থেকে পাঁচ টাকার মধ্যে পণ্য কেনার সুযোগ পেয়েছেন নিম্ন আয়ের মানুষ।
৮ মিনিট আগে
ইমদাদুল ও নাইসের মধ্যে ভালো সম্পর্ক ছিল। তাঁরা বিভিন্ন বিষয় নিয়ে একে অপরের সঙ্গে মজা করতেন। গতকাল রাতে দুজন গোবিন্দপুর গ্রামের নতুন বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানে বসে ছিলেন। সেখানে তুচ্ছ বিষয় নিয়ে মজা করতে গিয়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়।
১২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের এলাহি নূর চা-বাগানসংলগ্ন সাহেবের রাস্তায় পাঠিয়ালছড়ি খালের ওপর নির্মাণাধীন ১২ মিটার দীর্ঘ সেতুটির কাজ শেষ হওয়ার কথা গত জুন মাসে। অথচ এ সময়ের মধ্যে শেষ হয়েছে মাত্র অর্ধেক কাজ। এ অবস্থায় ভোগান্তি দীর্ঘায়িত হওয়ায় হতাশা প্রকাশ করেছে এলাকাবাসী।
১৫ মিনিট আগে