নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদ্যাপন

নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী আজ। প্রিয় লেখকের জন্মদিন উপলক্ষে তাঁর পৈতৃক এলাকা নেত্রকোনার কেন্দুয়া ও জেলা শহরে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শুক্রবার সকালে কেন্দুয়ার কুতুবপুরে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ জ ম রেজাউল করিম খান ও কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে হুমায়ূন আহমেদের অনন্য অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, লেখালেখি, নাটক ও চলচ্চিত্রে নিজস্ব সৃষ্টিশীলতার মাধ্যমে তিনি পাঠক ও দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষা বিস্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।
এদিকে জন্মদিন উপলক্ষে জেলা শহরেও নানা কর্মসূচি পালন করেন হুমায়ূন আহমেদের ভক্ত-অনুরাগীরা। তারুণ্যনির্ভর সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে হলুদ পাঞ্জাবি পরে হিমু ও নীল শাড়ি পরে রুপা সেজে অংশ নেন বিভিন্ন বয়সী ভক্তরা। এ ছাড়া কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর পৈতৃক বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। এই গ্রামেই তিনি নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।









