Ajker Patrika

নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনায় বিএনপির কার্যালয়ে আগুন, সাবেক এমপিসহ ২৪১ আওয়ামী লীগ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা
সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসান। ছবি: সংগৃহীত

নেত্রকোনার খালিয়াজুরীতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া, সড়কে টায়ার জ্বালিয়ে মিছিল ও অবরোধের অভিযোগে সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় বিএনপির কর্মী মুসলিম মিয়া বাদী হয়ে খালিয়াজুরী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন। এতে সাবেক এমপি সাজ্জাদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অজিত বরণ সরকার ও সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমানসহ ১২১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১২০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত রোববার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আগুন দেওয়া হয়। এতে কার্যালয়ের বাইরে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত একটি ব্যানার পুড়ে যায়। এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সরকারবিরোধী স্লোগান দিয়ে আতঙ্ক সৃষ্টি এবং কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, পরদিন সোমবার বিকেলে মেন্দিপুর ইউনিয়নের জগন্নাথপুর এলাকায় কয়েকজন নেতা-কর্মী পাকা সড়কে মিছিল করেন। এ সময় তাঁরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ ও সরকারবিরোধী স্লোগান দেন। মুসলিম মিয়াসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মী ও লোকজন তাঁদের ধাওয়া করলে তাঁরা পালিয়ে যান। পালানোর সময় সড়কে কয়েকটি পেট্রলভর্তি বোতল ফেলে যাওয়ার অভিযোগও করা হয়েছে।

এসব কর্মকাণ্ড সাবেক এমপি সাজ্জাদুল হাসানসহ কয়েকজনের নির্দেশনা ও আর্থিক সহায়তায় সংঘটিত হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর পুলিশকে অবহিত এবং দলীয় ফোরামে আলোচনার পর ঊর্ধ্বতন নেতাদের অনুমতি নিয়ে মামলা করেছেন বলে এজাহারে জানান বাদী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, মামলার পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

উল্লেখ্য, গতকাল বুধবার রাতে সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বিরুদ্ধে নাশকতার অভিযোগে আরও একটি মামলা হয়েছে। ওই মামলায় তাঁর নামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৪৩ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত