Ajker Patrika

ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়ি ‘ভাঙচুর’, তাঁদের বিরুদ্ধেই মামলা

নেত্রকোনা প্রতিনিধি
আপডেট : ১২ নভেম্বর ২০২৬, ১৪: ০৫
ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়ি ‘ভাঙচুর’, তাঁদের বিরুদ্ধেই মামলা
সাবেক এমপি সাজ্জাদুল হাসানের বাড়িতে অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনার পর তাঁদের বিরুদ্ধেই বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। উপজেলা বিএনপির এক নেতা বাদী হয়ে এ মামলা করেছেন।

নাশকতার উদ্দেশ্যে মশাল মিছিল, সড়ক অবরোধ ও জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম ওরফে সংগ্রাম গতকাল বুধবার রাতে মোহনগঞ্জ থানায় মামলাটি করেন।

আজ বৃহস্পতিবার সকালে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন মামলার তথ্য নিশ্চিত করেছেন।

মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র লতিবুর রহমান রতন, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শহীদ ইকবাল, যুবলীগের আহ্বায়ক শফিকুল ইসলাম মামুন এবং ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তসহ ৪৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ৯ নভেম্বর রাত সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ উপজেলার কাজিয়াটি এলাকার মডেল মসজিদের দক্ষিণ পাশে পাকা সড়কে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা নাশকতার উদ্দেশ্যে সমবেত হন। পরদিন ১০ নভেম্বর আওয়ামী লীগের ঘোষিত ধর্মঘট ও অবরোধ সফল করতে তাঁরা মশাল মিছিল বের করে সড়ক অবরোধ করেন। এ সময় সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর স্লোগান ও গালিগালাজ এবং যানবাহনের ক্ষতিসাধনের চেষ্টা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

মামলায় সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে ওই মিছিলের প্ররোচনা, ষড়যন্ত্র ও সহায়তার অভিযোগ আনা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সাজ্জাদুল হাসানের এক স্বজন বলেন, সাজ্জাদুল হাসান অবহেলিত হাওরাঞ্চলসহ জেলার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি কখনো কারও ক্ষতি করেছেন বলে তাঁদের জানা নেই। ৫ আগস্ট তাঁর বাসায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এরপর গত মঙ্গলবার রাতেও বাসাটিতে ভাঙচুর, লুটপাট ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এখন উল্টো তাঁকেই মামলার প্রধান আসামি করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।

ওসি হাফিজুল ইসলাম হারুন জানান, বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ইতিমধ্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা জুবায়েদ আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযোগটি অধিকতর তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদ আল নূর সমাপ্তের নেতৃত্বে একটি মশাল মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর কিছুক্ষণ পর সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানের মোহনগঞ্জের দৌলতপুরের বাসায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একই সময়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের আরও ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত