
নাটোরের গুরুদাসপুরে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় বিক্রির হিড়িক পড়েছে। এভাবে মাটি কাটায় কৃষিজমিগুলো পুকুরে পরিণত হচ্ছে। ফলে ফসল উৎপাদন কমছে দ্রুতগতিতে।
প্রশাসনের অভিযান চললেও কৃষিজমিতে পুকুর খনন বন্ধ হচ্ছে না। উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, পুকুর খননের কারণে গত পাঁচ বছরে প্রায় ১২০ হেক্টর কমেছে দুই ও তিন ফসলি কৃষিজমি। এতে ধানের আবাদ হ্রাস পেয়েছে ১০০ মেট্রিক টন, যার আর্থিক মূল্য গড়ে দেড় থেকে দুই কোটি টাকা।
উপজেলা কৃষি অফিস জানায়, যেসব জমিতে এখন পুকুর খনন করা হচ্ছে, সেসব জমিতে আগে বছরে দুইবার ধানসহ পাট, সরিষা ও সবজি আবাদ হতো। পরিশ্রম ছাড়াই তাৎক্ষণিক উপার্জনের লোভে পড়ে পুকুর খননের কারণে কৃষি খাতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গুরুদাসপুর পৌরসভাসহ উপজেলার ছয়টি ইউনিয়নে কমপক্ষে ১৫ থেকে ২০টি পয়েন্টে পুকুর খনন চলছে। স্থানীয়দের অভিযোগ, সরকারি দলের ছত্রচ্ছায়ায় একটি চক্র এসব খননের সঙ্গে জড়িত। চক্রটি ইটভাটা, বাসাবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পুকুর খননের মাটি বিক্রি করছে। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও কিছুদিন পর আবার খনন শুরু হচ্ছে।
কৃষিজমির উপরিভাগের মাটি বিক্রির ফলে একদিকে জমির ক্ষতি হচ্ছে, অন্যদিকে মাটি পরিবহনের কারণে পাকা সড়কও নষ্ট হচ্ছে। এতে সড়ক-সংলগ্ন এলাকার মানুষ দুর্ভোগে পড়ছেন। পরিবেশ ও প্রতিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
প্রশাসন সূত্রে জানা গেছে, গুরুদাসপুর পৌরসভার মধ্যমপাড়ায় ৫টি, মশিন্দা ইউনিয়নের সাহাপুরে ৩টি, ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ ও হাজিরহাটে ২টি এবং নাজিরপুর ইউনিয়নের শ্যামপুরে ১টিসহ মোট ১১টি ইটভাটা গড়ে উঠেছে। এর মধ্যে মাত্র দুটি ছাড়া বাকি ৯টি ইটভাটার নবায়নের মেয়াদ ৫ বছরেরও বেশি আগে শেষ হয়েছে। এসব ইটভাটার কাঁচা ইট তৈরির জন্য মাটির চাহিদা রয়েছে।
অভিযোগ রয়েছে, একাধিক চক্র ইটভাটায় মাটি সরবরাহের নামে বাণিজ্যিকভাবে কৃষিজমি খনন করে মাটি বিক্রি করছে। কম বিনিয়োগে বেশি লাভের আশায় এসব চক্র সক্রিয় হয়ে উঠেছে। অভিযান চালিয়েও তাদের থামানো যাচ্ছে না।
আজ শুক্রবার উপজেলার মশিন্দা ইউনিয়নের মাঝপাড়া এলাকায় গিয়ে দেখা গেছে, বিস্তীর্ণ মাঠজুড়ে তিনটি পয়েন্টে কমপক্ষে ৪০ থেকে ৪৫ বিঘা জমিতে পুকুর খনন চলছে। স্থানীয়রা জানান, সরকারি দলের নাম ভাঙিয়ে চিহ্নিত কিছু ব্যক্তি এসব পুকুর খনন করছেন। অথচ গত ৪ জুন সেখানকার একটি পয়েন্ট থেকে মাটি খননযন্ত্রের ব্যাটারি খুলে নিয়ে গিয়েছিল উপজেলা প্রশাসন। তবে দুই সপ্তাহ না যেতেই সেখানে আবার খনন শুরু হয়েছে।
পরিবেশ আইন ২০১৩-এ বলা আছে, ‘আপাতত বলবৎ কোনো আইনে যা-ই থাক না কেন, ছাড়পত্র থাকুক বা না থাকুক, আবাসিক, সংরক্ষিত বা বাণিজ্যিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা বা উপজেলা সদরে ইটভাটা স্থাপন করা যাবে না। এছাড়া কৃষিজমি ও পরিবেশগত সংকটাপন্ন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না।’ সেই সঙ্গে জমির শ্রেনি পরিবর্তনও দণ্ডনীয় অপরাধ। কিন্তু এই দণ্ড অত্যন্ত লঘু হওয়ার কারণে তা থোড়াই কেয়ার করছে সুবিধাভোগীরা।
স্থানীয়দের অভিযোগ, আইন উপেক্ষা করে ৯টি ইটভাটা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইট প্রস্তুতের জন্য কৃষিজমির ওপরিভাগের মাটি সংগ্রহ করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকা ও কৃষিজমির মধ্যে এসব ইটভাটা স্থাপনের কারণে নির্গত কালো ধোঁয়ায় কৃষি আবাদ, বনজ ও ফলদ উদ্ভিদও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ আজ দুপুরে মুঠোফোনে বলেন, “গেল দেড় মাসে কমপক্ষে ১৫টি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে খননযন্ত্রের ২০টি ব্যাটারী খুলে আনা হয়েছে। তিনটি মাটিকাটা যন্ত্র ভেকু (এক্সকাভেটর) উদ্ধার করে উপজেলা চত্বরে রাখা হয়েছে। তার পরও খোঁজ খবর পেলে অভিযান চালানো হচ্ছে।”
গুরুদাসপুর উপজেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি মোশারফ হোসেন বলেন, “ভাটা টিকিয়ে রাখতে দুই তিনটি পয়েন্ট থেকে মাটি সংগ্রহ করছে ভাটা মালিকরা।” তবে ইটভাটার নবায়ন নিয়ে তিনি সরকারকে দোষারোপ করেন।

নোয়াখালীর চাটখিল পৌর এলাকায় পানি সেচের মোটরের তারে বিদ্যুতায়িত হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছয়ানী টবগা এলাকার মুনছুর মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ ও নদীভাঙন এলাকা পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দেশি-বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও কারিগরি মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করে দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা হবে।
১০ মিনিট আগে
গাজীপুরের পুবাইলে ঢাকা বাইপাস সড়কের চামুড্ডা এলাকায় ড্রাম ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই বছর বয়সী সাফোয়ান হোসেন নিহত হয়েছে। শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন শিশুটির বাবা জুয়েল রানা ও মা সুরাইয়া আক্তার রুপা।
৪৩ মিনিট আগে
সাতক্ষীরার কলারোয়ায় মেহেদী হাসান (৩২) নামে এক মধু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার জালালাবাদ ইউনিয়ন পরিষদসংলগ্ন একটি মোবাইল ফোন টাওয়ারের পাশের ডোবা থেকে আজ শুক্রবার দুপুরে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে