
দেশের পরবর্তী রাষ্ট্রপতি পদে নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়েছে। আজ বুধবার বা আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে ঘোষণা দেওয়া হবে। বিএনপির একাধিক নেতা গতকাল মঙ্গলবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
ফলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হয়ে মির্জা ফখরুলের বঙ্গভবনের বাসিন্দা হওয়া এখন সময়ের ব্যাপারমাত্র। তিনি বর্তমানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব। রাষ্ট্রপতির দায়িত্ব নিলে তাঁকে এ দুটি পদ ছাড়তে হবে। ফলে এ দুই পদে তাঁর উত্তরসূরি কারা হচ্ছেন, তা নিয়েও দলে চলছে আলোচনা, জল্পনাকল্পনা। স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানির দায়িত্ব পাওয়ার কথা শোনা যাচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার ক্ষেত্রে বেশি শোনা যাচ্ছে রুহুল কবির রিজভীর নাম।
মো. সাহাবুদ্দিন শারীরিক কারণ দেখিয়ে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পান। বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে তাঁর নামও শোনা যায়।
নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি পদে প্রার্থীর জন্য বিএনপির পক্ষ থেকে দুটি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। জাতীয় সংসদে বিরোধী দল জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছে।
রাষ্ট্রপতি পদে নির্বাচনে ১৩ আগস্ট মনোনয়নপত্র জমা, ১৬ আগস্ট যাচাই-বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ফলে মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই অর্থাৎ আজ বা আগামীকাল রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা হবে।
বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা গতকাল রাতে জানান, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী হিসেবে মির্জা ফখরুলের নাম চূড়ান্ত করা হয়েছে। এই প্রার্থী চূড়ান্ত করার দায়িত্বভার দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি।
মির্জা ফখরুল নির্বাচিত হয়ে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলে তাঁকে মন্ত্রিত্ব এবং দলের গুরুত্বপূর্ণ মহাসচিবের পদ ছাড়তে হবে। তাঁর ছেড়ে দেওয়া ওই দুই পদে কারা আসছেন, তা নিয়ে বিভিন্ন আলোচনা, গুঞ্জন চলছে। অবশ্য এ নিয়ে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বিএনপির একাধিক নীতিনির্ধারক।
বিএনপির নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল আজকের পত্রিকাকে বলেন, ‘রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী নির্বাচনের দায়িত্ব আমরা সম্পূর্ণরূপে চেয়ারম্যানকে (তারেক রহমান) দিয়ে দিয়েছি। শিগগির দলের প্রার্থীর নাম জানা যাবে।’ মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় তাঁর পদ এবং দলের মহাসচিবের শূন্য পদ নিয়ে দলে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে দলীয় ফোরামে এখনো কোনো আলোচনা হয়নি।’
দলীয় সূত্র বলছে, মির্জা ফখরুল বঙ্গভবনের বাসিন্দা হলে গুরুত্বপূর্ণ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্ব পেতে পারেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এটি হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমান পানিসম্পদমন্ত্রী এবং সাবেক ছাত্রনেতা মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। সে ক্ষেত্রে পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে নতুন মুখ আসতে পারে।
মির্জা ফখরুল ২০১১ সালে প্রথমে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এবং ২০১৬ সালে পূর্ণাঙ্গ মহাসচিব হন। অর্থাৎ ১৫ বছরের বেশি সময় তিনি বিএনপির সাংগঠনিক মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন। তিনি রাষ্ট্রপতি হলে বিএনপিকে নতুন মহাসচিব নির্বাচন করতে হবে। ফলে ওই পদে কে আসবেন, তা নিয়েও দলের নেতা-কর্মীদের মধ্যে জোরালো আলোচনা চলছে। এ নিয়ে বিভিন্নজনের নাম শোনা যাচ্ছে। তবে পদাধিকার বলে মির্জা ফখরুলের পর ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নামই বেশি শোনা যাচ্ছে।
জানতে চাইলে বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা এ বিষয়ে বলেন, দলের পরবর্তী জাতীয় কাউন্সিলের মাধ্যমে মহাসচিব নির্বাচন করা হবে। কাউন্সিল না হওয়া পর্যন্ত একজনকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। তাৎক্ষণিক সমাধান হিসেবে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের প্রাথমিক দায়িত্ব পেতে পারেন। পরিস্থিতি অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে ২০ আগস্ট রাষ্ট্রপতি পদে নির্বাচনের ভোট গ্রহণের জন্য বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদকক্ষে বৈঠক আহ্বান করেছেন ওই নির্বাচনী কর্তা ও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। গতকাল এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ প্রদত্ত ক্ষমতাবলে স্পিকারের (ভারপ্রাপ্ত স্পিকার) সঙ্গে আলোচনাক্রমে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্ধারিত ভোট গ্রহণের দিনে অর্থাৎ ২০ আগস্ট বেলা ২টায় সংসদ ভবনের সংসদকক্ষে সংসদ সদস্যদের বৈঠক আহ্বান করা হয়েছে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন জাতীয় সংসদের ৩৪৯ জন সংসদ সদস্য।

আন্তর্জাতিক সম্পর্ক, কূটনৈতিক সম্পৃক্ততা ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সমন্বয় কার্যক্রম আরও সুসংহত করতে ‘আন্তর্জাতিক সম্পর্ক ও ডায়াসপোরা-বিষয়ক উপকমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপকমিটির প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
৫ ঘণ্টা আগে
বেসরকারিকরণের নামে জাতীয় জ্বালানি সম্পদ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাপনা বসুন্ধরাসহ মাফিয়া করপোরেট গোষ্ঠীর হাতে তুলে না দেওয়ার দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র জোট। একই সঙ্গে গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসন করে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন সরবরাহ এবং অত্যাবশ্যকীয় ওষুধের সরকারি মূল্যনিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর রাখার...
৬ ঘণ্টা আগে
বিএনপির বিরুদ্ধে অর্থের বিনিময়ে নিয়োগ দেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। আজ মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির বৈঠকে তিনি এ অভিযোগ করেন।
৬ ঘণ্টা আগে
রিজভী বলেন, ‘এই দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছে এবং স্বাধীনতা কীভাবে রক্ষা করতে হয় তাও জানে। এই দেশের ২০ কোটি মানুষ সব সময় তাদের স্বাধীনতা রক্ষায় প্রস্তুত।’
৯ ঘণ্টা আগে