Ajker Patrika

লালপুরে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিচ্ছিন্ন

লালপুর (নাটোর) প্রতিনিধি
লালপুরে একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ বিচ্ছিন্ন
উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন ডহরশৈলা এলাকায় একতা এক্সপ্রেসের দুই বগি লাইনচ্যুত হয়ে যায়। ছবি: আজকের পত্রিকা

নাটোরের লালপুরে আন্তঃনগর একতা এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ঈশ্বরদী বাইপাস স্টেশন সংলগ্ন ডহরশৈলা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় তথ্য অনুযায়ী, ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তঃনগর একতা এক্সপ্রেস (৭০৫ আপ) ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে মূল রেললাইনের ওপর আড়াআড়িভাবে পড়ে যায়। এতে আপ ও ডাউন—দুই লাইনের চলাচলই বন্ধ হয়ে যায়।

দুর্ঘটনার ফলে ঢাকা-উত্তরবঙ্গ রুটে চলাচলকারী একাধিক ট্রেন মাঝপথে আটকা পড়ে। এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে।

ঈশ্বরদী বাইপাস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুল আলিম জানান, দুর্ঘটনাটি ঈশ্বরদী বাইপাস ও আজিমনগর রেলস্টেশনের মধ্যবর্তী নির্জন ডহরশৈলা এলাকায় ঘটেছে। দুর্ঘটনার প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও রেললাইন বা যান্ত্রিক ত্রুটি থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে পাকশী ও ঈশ্বরদী লোকোশেড থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। রেলওয়ের প্রকৌশলী, কারিগরি দল এবং সংশ্লিষ্ট কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছেন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বগিগুলো সরানো এবং লাইন পুনরুদ্ধারে কিছুটা সময় লাগতে পারে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, দুর্ঘটনার কারণে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী এবং উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী ট্রেনগুলোর সময়সূচিতে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। অনেক ট্রেনকে বিকল্প স্টেশনে থামিয়ে রাখা হয়েছে। আবার কিছু ট্রেন বাতিল বা বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ঘটনাস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের সদস্যরা অবস্থান নিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আকস্মিক এ দুর্ঘটনায় অনেক যাত্রী দীর্ঘ সময় ট্রেনে আটকে রয়েছেন। কেউ কেউ বিকল্প যানবাহনের সন্ধানে স্টেশন ছাড়ছেন। রেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত