
মোবাইল অ্যাপের মাধ্যমে গড়ে ওঠা বন্ধুত্বের টানে নাটোরের বড়াইগ্রামে এসেছেন চীনের এক নাগরিক। বর্তমানে তিনি উপজেলার জোয়াড়ী ইউনিয়নের চর ভবানীপুর ভাটোপাড়া গ্রামে তাঁর বন্ধু সাদিয়া খাতুনের (১৭) বাড়িতে অবস্থান করছেন। সাদিয়া ওই গ্রামের কৃষক সাদ্দাম হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ওই চীনা নাগরিক। পরে সাদিয়ার স্বজনেরা তাঁকে সেখান থেকে বড়াইগ্রামের বাড়িতে নিয়ে আসেন।
শুক্রবার সকালে তাঁর আগমনের খবর পেয়ে স্থানীয় সাংবাদিকেরা সাদিয়ার বাড়িতে গেলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। এমনকি পরিচয় যাচাইয়ের জন্য পাসপোর্ট দেখানোর অনুরোধও প্রত্যাখ্যান করেন। এদিকে বিদেশি নাগরিকের আগমনের খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই শত শত উৎসুক নারী-পুরুষ ও শিশু বাড়িটিতে ভিড় করেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাদিয়া স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। কয়েক মাস আগে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ওই চীনা নাগরিকের সঙ্গে তার পরিচয় হয়। পরে নিয়মিত কথোপকথনের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে।
সাদিয়া খাতুন বলেন, ‘আমাদের মধ্যে শুধুই বন্ধুত্ব, অন্য কিছু নয়। একপর্যায়ে তিনিই বাংলাদেশে এসে আমাদের বাড়িতে দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। প্রথমে আমি বিশ্বাস করিনি। পরে তিনি ভিসা ও পাসপোর্টের কাগজপত্র দেখালে বিষয়টি বাবা-মাকে জানাই। তাঁদের সম্মতি পাওয়ার পরই তিনি বাংলাদেশে আসেন।’
সাদিয়া আরও বলে, ‘তিনি আসার সময় একটি স্মার্টফোন, চকলেটসহ বিভিন্ন উপহার এনেছেন। গ্রামের মানুষ, বিশেষ করে শিশুদের সঙ্গে তাঁর ইতিমধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়েছে। বাংলাদেশে এসে স্থানীয় খাবার, বিশেষ করে মুরগির মাংস ও চা তাঁর খুব পছন্দ হয়েছে।’
চীনা নাগরিক সুবেজ সংক্ষেপে বলেন, ‘বন্ধুত্বের টানেই বাংলাদেশে এসেছি। তবে আমার বন্ধুর মা-বাবা যদি চান, তাহলে আমি চলে যাব। আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই না।’
সাদিয়ার বাবা সাদ্দাম বলেন, ‘বন্ধুত্বের টানে দূর দেশ থেকে একজন চীনা নাগরিক আমাদের এলাকায় এসেছেন। মেয়ে বিষয়টি জানালে আমি তাঁকে আসতে বলি। তিনি আমার মেয়ের বন্ধু হিসেবে আমাদের বাড়িতে এসেছেন। একজন অতিথি হিসেবে কিছুদিন থাকবেন, ঘুরে দেখবেন, এরপর চলে যাবেন। এর বাইরে অন্য কোনো বিষয় নেই।’
জোয়াড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আকবর বলেন, ‘বন্ধুত্বের টানে আমাদের ভবানীপুর গ্রামের সাদ্দাম হোসেনের বাড়িতে একজন চীনা নাগরিক এসেছেন। আমাদের এলাকা ঘুরে দেখছেন। একজন মানুষের প্রতি আরেকজনের ভালোবাসা ও বন্ধুত্ব সৃষ্টি হলে দূরদেশ থেকেও যে দেখা করতে আসতে পারে—এই চীনা নাগরিক তার উদাহরণ।’
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘বন্ধুর আমন্ত্রণে একজন চীনা নাগরিক বড়াইগ্রামে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। বিষয়টি আমাদের নজরে রয়েছে। বর্তমানে তাঁর নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। তবে প্রয়োজন হলে পুলিশ প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেবে।’

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে ইলিয়াস মোল্লা (৫০) হত্যা মামলার প্রধান আসামি মো. সিদ্দিক মোল্লাকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার জামতলী এলাকার কোবাত শেখের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়...
৩৫ মিনিট আগে
নাটোরের বড়াইগ্রামে বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে মধ্যরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় আফরিন জাহান মেধা (১৯) নামে এক টিকটকার তরুণী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে আগ্রাণ সুতিরপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে...
৪২ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে ছড়িয়ে-ছিটিয়ে ছিল হাজারো ইয়াবা বড়ি। যানবাহনের চাকায় পিষ্ট হয়ে অধিকাংশ ইয়াবা গুঁড়ো হয়ে যাওয়ায় কালো পিচঢালা সড়ক হলুদাভ রং ধারণ করে। সড়কজুড়ে ইয়াবা পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে উৎসুক জনতা সেখানে ভিড় করেন। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ভাঙা ইয়াবা উদ্ধার করে।
১ ঘণ্টা আগে
বগুড়ার শাজাহানপুর উপজেলা থেকে গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বামুনিয়া মণ্ডলপাড়ায় নিজ বাড়ি থেকে সাড়ে ১৩ কেজি গাঁজাসহ তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে