
ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগে বিক্ষোভ, ঘেরাও ও ভাঙচুরের ঘটনার পর নাটোরের চার উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফল স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান এক আদেশে এ সিদ্ধান্ত জানান।
ফল স্থগিত হওয়া চার উপজেলা হলো—লালপুর, বাগাতিপাড়া, বড়াইগ্রাম ও গুরুদাসপুর।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, চার উপজেলায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের প্রকাশিত ফলাফল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সংক্রান্ত কার্যক্রম বন্ধ থাকবে।
যোগাযোগ করা হলে বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক সৈয়দ মোস্তাক হাসান বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ফলাফল স্থগিত করা হয়েছে। পরবর্তীকালে যে নির্দেশনা আসবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
এর আগে গত বুধবার (১২ আগস্ট) প্রকাশিত ফলাফল নিয়ে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ তুলে লালপুর ও বাগাতিপাড়ায় বিক্ষোভ করেন ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও, চেয়ার ও ফুলের টব ভাঙচুর করা হয়। অবরুদ্ধ হন ইউএনও। পরে ফলাফল স্থগিতের জন্য বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত আলটিমেটাম দিয়ে স্থান ত্যাগ করেন বিক্ষোভকারীরা।
অবশ্য অনিয়মের অভিযোগ অস্বীকার করে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, নির্ধারিত নিয়ম মেনে শতভাগ মেধার ভিত্তিতেই ফলাফল প্রকাশ করা হয়েছিল। তবে লালপুর ও বাগাতিপাড়ার ঘটনার পরদিনই এই দুই উপজেলার পাশাপাশি বড়াইগ্রাম ও গুরুদাসপুর উপজেলার নিয়োগ পরীক্ষার ফলাফলও স্থগিতের আদেশ জারি করা হলো।

কুমিল্লার দেবিদ্বারে দিনমজুর শফিকুল ইসলামকে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যায় জড়িত আসামিদের বিচার দাবিতে আজ শনিবার মানববন্ধন হয়েছে। কর্মসূচি শেষে বিক্ষুব্ধ জনতা আসামিদের বাড়িঘরে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগে
চাঁদপুর শহরে বাসার বারান্দায় খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে এসে ফাইজা আক্তার (৬) ও মো. সাব্বির (৪) নামের দুই শিশু দগ্ধ হয়েছে। গুরুতর অবস্থায় তাদের প্রথমে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের...
২ ঘণ্টা আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে জবাই করার অভিযোগে রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ‘চুরি হওয়া’ গরুর মাংস, চামড়া, মাথা ও পা উদ্ধার করা হয়। এ ঘটনায় গরুর মালিক শহিদুল ইসলাম বাদী হয়ে শনিবার থানায় অভিযোগ দিয়েছেন।
৩ ঘণ্টা আগে
দেড় ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে বরিশাল মহানগর শ্রমিক লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক সাফিন আহমেদ সুমন মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন। আজ শনিবার দুপুরে হাতকড়া অবস্থাতেই তিনি জানাজা ও দাফনে অংশ নেন। বাসায় পৌঁছানোর পর এবং কারাগারে ফেরত যাওয়াকালে সেখানে স্বজনদের আহাজারি করতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে