
গাছের ডালে কেবল নয়, গাছের গোড়া থেকে একেবারে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলে আছে সোনারঙ লটকন। আর পুরো লটকনের বাগান যেন এক সোনালী রূপকথা! একসময় ঝোপ-জঙ্গলে জন্মানো অবহেলিত ফল হিসেবে পরিচিত লটকন এখন কৃষকদের সারা বছরের আয়ের প্রধান উৎসে পরিণত হয়েছে। বাণিজ্যিকভাবে তাই এর চাষ হচ্ছে এখন রায়পুরা, বেলাব ও শিবপুর উপজেলায়।
গত কয়েক বছর ধরেই লটকন চাষ লাভজনক হয়ে উঠেছে নরসিংদীতে। টক-মিষ্টি সুস্বাদু এই দেশি ফলের চাহিদাও অনেক। এখানকার চাষ করা লটকন এখন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত ছড়িয়ে পড়ছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, নরসিংদীর রায়পুরা, বেলাব ও শিবপুর উপজেলার লাল মাটির পাহাড়ি এলাকায় বাড়ির আঙিনা ও বিস্তীর্ণ জমিজুড়ে গড়ে উঠেছে লটকনের বাগান। চলতি মৌসুমে প্রায় ১ হাজার ৮০০ হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে।
কম খরচ, স্বল্প পরিচর্যা এবং তুলনামূলক বেশি লাভ হওয়ায় প্রতি বছরই নতুন নতুন কৃষক লটকন চাষে আগ্রহী হচ্ছেন। অনেক শিক্ষিত বেকার যুবকও লটকনের বাগান করে স্বাবলম্বী হয়েছেন।
চলতি মৌসুমে উৎপাদন ভালো হওয়ায় লাভের আশা করছেন কৃষকেরা। তবে ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বাজার ব্যবস্থাপনাকেই তাঁরা সবচেয়ে বড় উদ্বেগ হিসেবে দেখছেন।
কৃষি সংশ্লিষ্টদের মতে, উৎপাদন বাড়লেও সংরক্ষণাগারের অভাব, প্রক্রিয়াজাত শিল্প না থাকা, বাজারদরের ওঠানামা এবং রপ্তানিব্যবস্থার সীমাবদ্ধতা এখনো বড় চ্যালেঞ্জ। কোল্ডস্টোরেজ স্থাপনসহ এসব সমস্যা দূর করা গেলে নরসিংদীর লটকন দেশের কৃষি অর্থনীতিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
লটকন চাষি আবুল কালাম বলেন, `একেকটি গাছে ৫ থেকে ৩০ মণ পর্যন্ত লটকন ধরে। তিন মাসেই ফল সংগ্রহ করা যায়। পরিচর্যা খুব বেশি লাগে না। কিন্তু বাজারদর ঠিক না থাকলে লাভ কমে যায়।'
মরজালের চাষি পরাগ আহাম্মদ বলেন, `আমার বাড়ির আঙিনাসহ ১০ বিঘার লটকন বাগান। গত বছরের মতো এবারও গাছে থাকা অবস্থায় ভালো টাকায় বিক্রি করেছি। বাজারে নিজেরা বিক্রি করতে পারলে আরও বেশি লাভ হতো। এই টাকা দিয়ে সংসারের সারা বছরের খরচ বাদেও কিছু টাকা আয় থাকে। এখানকার পরিবারগুলোর লটকনের আয় দিয়েই বছর চলে।'

রাজাবাড়ি গ্রামের চাষি কাজী কামাল হোসেন বলেন, `সার, গোবর, কীটনাশকসহ সামান্য কিছু খরচ হয়। সবই লাভ, যা এখন হলুদ সোনা নামে পরিচিত। বৈরী আবহাওয়ার কারণে ফলন কিছুটা কমেছে। গাছে গাছে ভালো ফলন দেখা গেলেও মৌসুমের শুরুতে অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে কিছু ফল ঝরে পড়েছে। তারপরও এক বিঘা বাগান থেকে প্রায় এক লাখ টাকার লটকন বিক্রি করেছি।'
লটকনের সবচেয়ে বড় পাইকারি বাজার বসে ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায়। প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা এসে ট্রাক ও পিকআপভর্তি লটকন কিনে নিয়ে যান। এই মৌসুমে বাজারকে কেন্দ্র করে হাজারো শ্রমিক, পরিবহনকর্মী, প্যাকেজিং শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীর কর্মসংস্থান সৃষ্টি হয়।
ঢাকার পাইকারি ব্যবসায়ী আব্দুর রহমান বলেন, `নরসিংদীর লটকনের স্বাদ ও মান ভালো হওয়ায় দেশের বিভিন্ন এলাকায় এর ব্যাপক চাহিদা রয়েছে। বিদেশেও এর বাজার বাড়ছে।'
মরজাল সমতাবাজারের পরিচালনা কমিটির সভাপতি তারিকুল ইসলাম শুক্কুর বলেন, `মরজাল বাজারে প্রতিদিন ১০-২০ লাখ টাকার লটকন বিক্রি হয়ে থাকে। বাজারটি প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত জমজমাট থাকে। জুন থেকে আগস্ট মাস পর্যন্ত তিন মাস জমজমাট হাট বসে। লটকনের হাটকে কেন্দ্র করে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।'
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আজিজুল হক জানান, কৃষি বিভাগ উন্নত চাষাবাদ, রোগবালাই দমন এবং বাজার সম্প্রসারণে কৃষকদের নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছে।

রাজধানীর ধানমন্ডিতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান নামের এক যুবককে ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ধানমন্ডির মীনাবাজার এলাকা থেকে তাঁকে আটক করে পুলিশ।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দেড় মাসে ৯ বার চুরি হয়েছে। এসব ঘটনায় ২৫টি বৈদ্যুতিক ট্রান্সফরমারসহ কয়েক লাখ টাকার কেব্ল চুরি গেছে। এ ছাড়া রানওয়ে থেকে আন্ডারগ্রাউন্ড কেব্ল, রানওয়ের লাইট, লাইটের ফেজ ও লুপিং নিয়ে গেছে চোরেরা।
১ ঘণ্টা আগে
ময়মনসিংহে হাত ধোয়ার অভ্যাসে ঘাটতি, নির্দিষ্ট স্থানে সাবান বা হ্যান্ডওয়াশ না থাকায় বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বিশেষ করে হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠানসহ জনবহুল এলাকায় হাত ধোয়ার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্বেগের দেখা দিয়েছে।
১ ঘণ্টা আগে
জন্ম থেকেই দৃষ্টিপ্রতিবন্ধী আলফাজ আহম্মেদ। পারিবারিক সহযোগিতা ও অদম্য ইচ্ছাশক্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এখন তিনি নিজ এলাকা কুষ্টিয়ার খোকসা উপজেলার গোসাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
১ ঘণ্টা আগে