Ajker Patrika

নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ গেল কলেজশিক্ষকের
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া কলেজশিক্ষক মোসাদ্দেক হাসান। ছবি: সংগৃহীত

নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোসাদ্দেক হাসান (৩২) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি নরসিংদী মডেল কলেজের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিষয়ের প্রভাষক ছিলেন।

মোসাদ্দেক হাসান পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের খিলপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোশারফ হোসেনের ছেলে।

নিহতের স্বজনেরা জানান, ডেঙ্গু পরীক্ষায় পজিটিভ হওয়ার পর কয়েক দিন ধরে মোসাদ্দেক হাসান নরসিংদী ১০০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকেলে সেখানে তাঁর মৃত্যু হয়।

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মিজানুর রহমান বলেন, ‘মোসাদ্দেক ডেঙ্গু পজিটিভ হয়ে দুই-তিন দিন আগে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার দুপুরে তিনি নামাজও পড়েছেন এবং কিছুটা সুস্থ বোধ করছিলেন। পরে তাঁর শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যায়। এরপর স্ট্রোক হয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত ছাড়া সরাসরি মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা যাবে না। তিনি ডেঙ্গু পজিটিভ ছিলেন, তবে স্ট্রোকও হয়ে থাকতে পারে।’

নরসিংদী মডেল কলেজের পরিচালক কামরুল ইসলাম বলেন, ‘মোসাদ্দেক হাসান আমাদের কলেজের একজন প্রভাষক ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে বাড়ির আশপাশের ময়লা-আবর্জনা পরিষ্কার রাখা এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত