Ajker Patrika

দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ২২: ১৭
দুর্গাপূজাকে কেন্দ্র করে ফ্যাসিস্টের দোসররা রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টায়: খায়রুল কবির খোকন
দুর্গাপূজার প্রস্তুতি সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে খায়রুল কবির খোকন। ছবি: আজকের পত্রিকা

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা লুটতে ‘ফ্যাসিবাদের দোসররা’ ষড়যন্ত্র বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) খায়রুল কবির খোকন। পরিস্থিতি মোকাবিলায় পূজামণ্ডপসংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

আজ মঙ্গলবার বিকেলে নরসিংদী সদর উপজেলা অডিটরিয়ামে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত প্রস্তুতি সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন খায়রুল কবির খোকন।

খায়রুল কবির খোকন বলেন, পূজামণ্ডপে সার্বক্ষণিক আলোর ব্যবস্থা রাখতে হবে। বিদ্যুৎ বা আলোর ব্যবস্থা বন্ধ থাকলে দুর্বৃত্তরা বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে পারে। এ বিষয়ে উপজেলা প্রশাসন ও পূজামণ্ডপ পরিচালনা কমিটিগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

প্রতিটি পূজামণ্ডপে সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরা চালু রাখার কথাও বলেন বিএনপির এ নেতা। কোনো অবস্থায়ই ক্যামেরা যেন বন্ধ না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে খায়রুল কবির খোকন বলেন, আজানের সময় বাদ্যযন্ত্রের শব্দ বন্ধ রাখতে হবে। ধর্মের প্রতি সম্মান দেখিয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কেউ যেন বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পূজামণ্ডপসংশ্লিষ্টদের উদ্দেশে খায়রুল কবির বলেন, ‘যারা ফ্যাসিবাদের দোসর ছিল, তাদের মণ্ডপ থেকে দূরে রাখবেন। তারা এসে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করতে পারে এবং রাজনৈতিক ফায়দা লুটতে পারে। এ কারণে আপনারা সবাই সতর্ক থাকবেন।’

নরসিংদী সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার ১০৯টি পূজামণ্ডপের প্রতিটির জন্য ৬০০ কেজি করে চাল বরাদ্দের বিপরীতে অর্থ দেওয়া হয়।

নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা জাহান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন, মাধবদী থানার ওসি কামাল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত